অবশেষে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিলো আবহাওয়া বিভাগ

দুদিন যেতে না যেতেই ফের তাপমাত্রা বাড়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। একই সঙ্গে আগামী তিনদিনের মধ্যে বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে সংস্থাটি।

তুমুল বৃষ্টির পর রোববার (৬ ফেব্রুয়ারি) থেকে দেশের ৭ জেলা ও এক উপজেলায় শৈত্যপ্রবাহ শুরু হয়। একদিনের ব্যবধানে শৈত্যপ্রবাহের আওতা কমে ৪ জেলা ও এক উপজেলায় নেমে আসে।

রোববার নীলফামারী, পঞ্চগড়, কুঁড়িগ্রাম, যশোর, চুয়াডাঙ্গা, পাবনা, মৌলভীবাজার জেলা এবং সীতাকুণ্ডু উপজেলার উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিলো।

সোমবার রাজশাহী, পাবনা, বগুড়া, নওগাঁ জেলা ও সীতাকুণ্ডু উপজেলাসহ রংপুর বিভাগের উপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। তা কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক জানান, সোমবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চল ও নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং দেশের অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

এ সময়ে সারাদেশে রাত এবং দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে জানিয়ে এই আবহাওয়াবিদ বলেন, ‘আগামী তিনদিনের মধ্যে বৃষ্টিপাতের প্রবণতা রয়েছে।’

সোমবার (৭ ফেব্রুয়ারি) সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগে রোববার দেশে সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে টেকনাফে, ২৮ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়, ৬ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যথাক্রমে ২৩ ডিগ্রি সেলসিয়াস ও ১৩ ডিগ্রি সেলসিয়াস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *