নারায়ণগঞ্জ- ব্যাপক উদ্বেগ-উৎকন্ঠা ও টান টান উত্তেজনার মধ্যদিয়ে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন (নাসিক) নির্বাচনে ভোটগ্রহণ শুরু হয়েছে। রোববার (১৬ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হওয়া এ ভোট চলবে বিকেল ৪টা পর্যন্ত।
এই নির্বাচনে নৌকা প্রতীক নিয়ে আওয়ামী লীগের মনোনয়নে প্রতিদ্বন্দ্বিতা করছেন ডা. সেলিনা হায়াৎ আইভী। তার প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে লড়ছেন বিএনপির বিভিন্ন পদ থেকে অব্যাহতি পাওয়া স্বতন্ত্র প্রার্থী অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকার।
নির্বাচনের সবরকম প্রচার-প্রচারণা শেষ হয়েছে ঘড়ির কাঁটায় ১৫ জানুয়ারি শুরুর পর থেকেই। এর আগে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী ডা. সেলিনা হায়াৎ আইভী ও অ্যাডভোকেট তৈমূর আলম খন্দকারসহ সব প্রার্থী পথসভা, গণসংযোগ, গণমিছিলসহ নানা কর্মসূচি পালন করেন। প্রার্থীরা ভোট টানতে নানা ধরনের প্রতিশ্রুতি দেন।
তবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোটের আগে হয়রানিমূলক গ্রেফতার বন্ধের দাবি জানান তৈমূর। বহিরাগতরা যেন নির্বাচনী এলাকায় না থাকতে পারে, সে জন্য নির্বাচন কমিশনের হস্তক্ষেপও চান তিনি।
তবে প্রচারণার শেষ দিনে ডা. আইভী তার বাড়িতে সাংবাদিকদের বলেন, আমাকে পরাজিত করতে অনেকগুলো পক্ষ এক হয়েছে। তিনি বলেন, ১৮ বছর ধরে নারায়ণগঞ্জের উন্নয়নে কাজ করে আসছি। ২০০৩ সালে যখন আওয়ামী লীগের পক্ষে নির্বাচন করি, তখন অনেকে দেশ ছেড়ে পালিয়েছিলেন। ১৬ জানুয়ারি নারায়ণগঞ্জের মানুষ অন্যায়-অত্যাচার, খুন-সন্ত্রাসের বিরুদ্ধে থেকে নৌকায় ভোট দেবে।
রোববারের এই ভোটে জিতলে নারায়ণগঞ্জের মেয়র হিসেবে হ্যাটট্রিক করবেন আইভী। ২০১১ সালে নির্দলীয় ভোটে আওয়ামী লীগের নেতাদের সমর্থনপুষ্ট এ কে এম শামীম ওসমানকে এক লাখের বেশি ভোটে হারিয়ে দেশের প্রথম নারী মেয়র হয়েছিলেন তিনি।
পরের বার ২০১৬ সালে দলীয় প্রতীকে আওয়ামী লীগের নৌকা নিয়ে আইভী বিএনপির প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে পৌনে এক লাখ ভোটে হারান। নারায়ণগঞ্জের মেয়র নির্বাচিত হওয়ার আগে আইভী আট বছর নারায়ণগঞ্জ পৌরসভার চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।
এবারের নির্বাচনে এই হেভিওয়েট প্রার্থীর প্রধান প্রতিদ্বন্দ্বী হিসেবে তৈমূর আলম খন্দকারকে দেখা হচ্ছে। তার প্রতীক হাতি। নির্বাচনে নেমে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টার পদ হারানো তৈমূর ২০১১ সালে নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনে প্রার্থী হয়েছিলেন। পরে দলের নির্দেশে ভোট থেকে সরে দাঁড়ান। তবে বিএনপির এই নেতা এবার দলীয় নির্দেশ অমান্য করেই ভোটের মাঠে নেমেছেন। আছেন প্রথমবারের মতো নারায়ণগঞ্জের নগরপিতা হওয়ার আশায়।
সিটি করপোরেশনের ভোটে জিতে সেলিনা হায়াৎ আইভী হ্যাটট্রিক করবেন নাকি তৈমূর আলম খন্দকারের অভিষেক ঘটবে, তা জানা যাবে ভোটের শেষেই। নগরের নতুন অভিভাবক যিনিই হোন, বরাবরের মতো তার কাছে বাড়তি প্রত্যাশা থাকবে নারায়ণগঞ্জের বাসিন্দাদের।
সিটি এলাকার ২৭টি ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ১৭ হাজার ৩৬১ জন। এর মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৮৪৬ জন পুরুষ ও ২ লাখ ৫৭ হাজার ১১১ জন নারী ভোটারে এবং ৪ জন ট্রান্সজেন্ডার ভোটার রয়েছেন।
মোট ৫ লাখ ১৭ হাজার ৩৬১ ভোটার রয়েছেন এই বন্দরনগরীতে। পুরুষ ভোটারের সংখ্যা ২ লাখ ৫৯ হাজার ৮৪৬। আর নারী ভোটার আছেন ২ লাখ ৫৭ হাজার ৫১১ জন।
এই নির্বাচনে মোট ভোট কেন্দ্রের সংখ্যা ১৯২টি। সবকটি কেন্দ্রে ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম পদ্ধতিতে ভোট হচ্ছে। ভোটের আগের দিনই প্রতিটি কেন্দ্রে পৌঁছানো হয় ইভিএমসহ নির্বাচনি সরঞ্জাম।
নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে বহিরাগতদের উৎপাত বন্ধ করে ভোটের সার্বিক পরিবেশ সুষ্ঠু রাখতে নগরীতে ১৮ বছরের ঊর্ধ্বে সবাইকে জাতীয় পরিচয়পত্র সঙ্গে নিয়ে চলাচলের অনুরোধ জানিয়েছে পুলিশ।
পুলিশ সুপার মো. জায়েদুল আলম আগের দিনই বলে দিয়েছেন বলেন, ‘আমি বলতে চাই, কোনো বহিরাগতকে আমরা আগামীকাল নারায়ণগঞ্জে প্রবেশ করতে দেব না। প্রতিটি পাড়া-মহল্লায় আমাদের মোবাইল টিম থাকবে, আমাদের চেকপোস্ট থাকবে, জাতীয় পরিচয়পত্র দেখে আমরা মানুষকে চলাচল করতে দেব। কালকে নারায়ণগঞ্জ মহানগর এলাকার যে বা যারা বের হবেন, দয়া করে অবশ্যই জাতীয় পরিচয়পত্র নিয়ে বের হবেন, যাদের বয়স ১৮ বছরের ঊর্ধ্বে।’
যেকোনো ধরনের সহিংসতা রোধে ও ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোট কেন্দ্রে আসতে পারে সে জন্য পুলিশের ২৭টি স্ট্রাইকিং ফোর্স ও ৬৪ মোবাইল টিম মাঠে থাকছে।
তিনটি এলাকা মিলিয়ে ১৪ প্লাটুন বিজিবিসহ র্যাবের তিনটি স্ট্র্যাইকিং ফোর্স, ছয়টি চেকপোস্ট, সাতটি টহল টিম দায়িত্ব পালন করছে। নির্বাচনে সহিংসতা রোধে ১৪ জন জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও ২৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট মাঠে রয়েছে।
নির্বাচনের সার্বিক পরিস্থিতি নিয়ে যোগাযোগ করলে সিটি নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আফরোজা আক্তার জানান, কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই সুষ্ঠুভাবে ভোট গ্রহণ শুরু হয়েছে। যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে প্রশাসনও মাঠে কাজ করছে।
