ঢাকাসহ সারা দেশে বেড়েছে শীত, আসছে শৈত্যপ্রবাহ

নজর২৪ ডেস্ক- সূর্যের আলোর দেখা পাওয়া কঠিন হয়ে পড়েছে। গরম কাপড় পরার পরও বেশ শীত অনুভূত হচ্ছে। রাজধানীসহ সারা দেশে শীতের তীব্রতা বাড়ছে, যা আরো বাড়তে পারে। অন্তত এক সপ্তাহ তীব্র শীতের মধ্য দিয়ে কাটার পর পরের সপ্তাহে ফের শুরু হতে পারে বৃষ্টিপাত।

শনিবার পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন ৮.৯ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে। রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৭.২ ডিগ্রি সেলসিয়াস। সিলেট, রাজশাহী, রংপুর ও ময়মনসিংহ বিভাগের দুয়েক জায়গায় সর্বনিম্ন তাপমাত্রা ১১-১৪ সেলসিয়াসের মধ্যে রয়েছে।

আবহাওয়াবিদ বজলুর রশীদ বলেন, “মাঘের শুরুতে তাপমাত্রা কমতে থাকায় শীতের অনুভূতিও বাড়ছে। এখনও কোথাও শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে না। উত্তুরে হাওয়ার সঙ্গে তাপমাত্রা কম থাকায় বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে। আগামী কয়েকদিনে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যতে পারে।”

বড় এলাকাজুড়ে সর্বনিম্ন তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়। তাপমাত্রা ৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলে।

এমনিতে বাংলাদেশে জানুয়ারিতেই শীতের প্রকোপ থাকে বেশি। এ মাসে দুয়েকটি মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের আভাস রয়েছে।

বজলুর রশীদ বলেন, “শীতের এমন আবহাওয়া কয়েকদিন অব্যাহত থাকবে। তবে তীব্র শৈত্যপ্রবাহে বয়ে যাওয়ার শঙ্কা নেই। সপ্তাহের শেষ দিকে ফের তাপমাত্রা বাড়তে থাকবে।”

শনিবার সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা এবং অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা পড়তে পারে।

সারা দেশে রাতের তাপমাত্রা তিন ডিগ্রি সেলসিয়াস কমে যেতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *