বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন আলোচিত চিত্রনায়িকা পরীমনি। শনিবার (১৫ জানুয়ারি) দুপুরে বিভিন্ন গণমাধ্যমে এমন সংবাদ প্রকাশিত হয়। শারীরিক অবস্থার কারণে নির্বাচন থেকে তিনি সরে দাঁড়িয়েছেন বলে জানান।
কিন্তু প্রার্থিতা প্রত্যাহারের নির্ধারিত সময়ের মধ্যে এ সংক্রান্ত কোনও আবেদন নির্বাচন কমিশনের কাছে না পৌঁছানোয় পরীমনির প্রার্থিতা বহাল থাকছে বলে জানিয়েছেন শিল্পী সমিতির নির্বাচন কমিশনের সদস্য জাহিদ হোসেন।
শনিবার রাত আটটার পর সংবাদমাধ্যমকে এই তথ্য জানিয়েছেন তিনি। জাহিদ হোসেন বলেন, শনিবার দুপুর ২টা পর্যন্ত শিল্পী সমিতির নির্বাচন কমিশনে প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ছিল। পূর্ব নির্ধারিত সময়ে আমরা কারো প্রার্থিতা প্রত্যাহারের চিঠি পাইনি। পরীমনির কোনো চিঠিও নির্বাচন কমিশনের হাতে আসেনি। ফলে পরীমনির প্রার্থিতা প্রত্যাহার হয়নি।
এই নির্বাচন কমিশনার আরও বলেন, নির্বাচনের বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। তবে সে যদি নির্বাচনে অংশ না নেন সেটি ব্যক্তিগতভাবে ঘোষণা দিতে পারে। তবে নির্বাচনের খসড়া তালিকায় তার নাম থাকবে।
পরীমনি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে চাইলে অভিনেতা সাইমন সাদিক বলেন, পরীমনি যখন আমাকে ফোন দিয়ে বলেন যে, তিনি অসুস্থ, তাই তাকে কলকাতা যেতে হবে চিকিৎসার জন্য। সেজন্য এই নির্বাচন থেকে সরে দাঁড়াতে চান। তখনই আমি শিল্পী সমিতির নির্বাচন কমিশনারের কাছে এসে বলি। কিন্তু তখন আর সময় ছিল না প্রত্যাহার করার। তাই প্রত্যাহার হয়নি।
তিনি আরও বলেন, বিধি অনুযায়ী পরীমনিকে নির্বাচনে অংশ নিতে হবে। এছাড়া আর কোনো উপায় নেই।
উল্লেখ্য, আগামী ২৮ জানুয়ারি বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ১৭তম নির্বাচন অনুষ্ঠিত হবে। এই নির্বাচনে দুটি প্যানেল অংশ নিচ্ছে। একটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদে থাকছেন বরেণ্য চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও নায়িকা নিপুণ। অন্যটিতে আছেন গত দুই মেয়াদে দায়িত্বে থাকা মিশা সওদাগর ও জায়েদ খান।
এ নির্বাচনে ইলিয়াস কাঞ্চন-নিপুণ প্যানেল থেকে কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচন করছেন পরীমনি।
উল্লেখ্য, পরীমণি এখন আলোচনায় বিয়ে ও সন্তানের মা হওয়ার খবরে। গত বছরের ১৭ অক্টোবর স্বপ্নের রাজপুত্র শরিফুল রাজকে বিয়ে করেছেন এই নায়িকা। শুধু তাই নয়, দুজনের ঘর আলোকিত করে আসছে নতুন অতিথি!
