রাষ্ট্রপতির সংলাপে আমরা যাবো : ড. কামাল

নজর২৪ ডেস্ক- নির্বাচন কমিশন গঠনের ইস্যুতে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের চলমান সংলাপে অংশগ্রহণ করবে ড. কামাল হোসেন নেতৃত্বাধীন গণফোরাম। শুক্রবার (২৪ ডিসেম্বর) সন্ধ্যায় দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

 

গত ২০ ডিসেম্বর থেকে নির্বাচন কমিশন গঠন ইস্যুতে দেশের নিবন্ধিত রাজনৈতিক দলের সঙ্গে সংলাপ শুরু করেছেন রাষ্ট্রপতি। ইতোমধ্যে জাতীয় পার্টি ও জাতীয় সমাজতান্ত্রিক দলের সঙ্গে সংলাপ শেষ করেছেন। আরও ১০টি দলের সঙ্গে সংলাপের শিডিউল করা হয়েছে।

 

এর মধ্যে বাসদের সঙ্গে আগামী ২৬ ডিসেম্বর সন্ধ্যা ৬টায় সংলাপের সময় নির্ধারিত থাকলেও দলটি এতে অংশ নেবে না বলে জানিয়েছে। আগামী ২ জানুয়ারি গণফোরাম ও বিকল্প ধারা এবং ৩ জানুয়ারি সিপিবি ও গণতন্ত্রী পার্টির সঙ্গে রাষ্ট্রপতির সংলাপের শিডিউল করা আছে।

 

গণফোরাম সভাপতি ড. কামাল হোসেন সংবাদমাধ্যমকে বলেন, ‘রাষ্ট্রপতির সংলাপে আমরা যাবো। আমি যাবো।’

 

দলের নির্বাহী সভাপতি মোকাব্বির খান এমপি জানান, তারা সাত সদস্যের প্রতিনিধি দল সংলাপে অংশগ্রহণ করবেন। তিনি বলেন, ‘নির্বাচন কমিশন নিয়ে উদ্বেগ, উৎকণ্ঠা ও পরামর্শ আমরা রাষ্ট্রপতির কাছে তুলে ধরবো। না গেলে কীভাবে জানাবো, আমরা কী চাই। আমরা সংলাপে না গেলে আমাদের বক্তব্য আমরা জানাবো কী করে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *