বিনোদন ডেস্ক- গায়ক ইলিয়াসের সঙ্গে প্রেম করছেন ক্রিকেটার নাসিরের প্রাক্তন প্রেমিকা মডেল-অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রা—বেশ কিছু দিন ধরে এই গুঞ্জন উড়ছিল শোবিজ অঙ্গনে। যদিও ইলিয়াস বলেছিলেন, ‘তারা ভালো বন্ধু।’
এদিকে বৃহস্পতিবার (২৩ ডিসেম্বর) বিকালে সুবাহ তার ফেসবুকে কয়েকটি ছবি পোস্ট করেন। তা নিয়ে শুরু হয় এই যুগলের বিয়ের গুঞ্জন।
সব গুঞ্জন উড়িয়ে গায়ক ইলিয়াস জানালেন চিত্রনায়িকা সুবাহকে বিয়ে করেছেন তিনি। ইলিয়াস বলেন—‘গত ১ ডিসেম্বর আমাদের বিয়ে হয়েছে। আমাদের প্রেমের সম্পর্ক ছিল, অবশেষে তা পরিণয় পেলো।’
নবদম্পতি ইলিয়াস-সুবাহ নগরীর বনানীতে সংসার পেতেছেন। তবে ইলিয়াস দ্বিতীয় স্ত্রী কারিনকে ডিভোর্স দিয়েছেন কি না তা এখনো জানা যায়নি। কারিন সুইডেনের স্টোকহোমে বসবাস করেন।
বিজয় দিবস উপলক্ষে একসঙ্গে ঘুরতে বের হয়েছিলেন সুবাহ-ইলিয়াস। সে সময় তোলা কিছু ছবি ফেসবুকে পোস্ট করে নবাগত এই নায়িকা লিখেছেন, ‘আমাদের বিজয় দিবস’। তার এমন পোস্টের পরই সোশ্যাল মিডিয়ায় সুবাহ-ইলিয়াসের প্রেমের গুঞ্জন দ্রুত ছড়িয়ে পড়ে।
সে সময় গণমাধ্যমের সঙ্গে আলাপকালে সংগীতশিল্পী ইলিয়াস হোসাইন জানিয়েছিলেন, ‘ওর (সুবাহ) সঙ্গে আমার সম্পর্কটা বন্ধুত্বের। আমরা দুজন খুব ভালো বন্ধু। দুজনের বোঝাপোড়াটাও ভালো।’
তিনি আরও জানান, ‘মহান বিজয় দিবস উপলক্ষে আমরা একসঙ্গে ঘুরতে বের হয়েছিলাম। সেই ছবি সুবাহ পোস্ট করেছে। আপাতত এর বাইরে আর কোনো সম্পর্ক নেই।’
ইলিয়াস হোসাইনের জনপ্রিয় গানের তালিকায় আছে ‘না বলা কথা’,‘শোন একটা কথা বলি’, ‘সারাটি জীবন’, ‘আমার ভিতর’, ‘এক পলকে’, ‘নীল নয়না’। আর মডেল সুবাহ শাহ হুমায়রা এই পর্যন্ত ছয়টি সিনেমাতেও অভিনয় করেছেন; কিন্তু এখনো কোনটিই মুক্তি পায়নি।
