কুতুপালং বাজারে ভয়াবহ আগুন, ঘুমন্ত অবস্থায় দগ্ধ হয়ে নিহত ৩

শাহীন মাহমুদ রাসেল, কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের উখিয়ায় শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনায় দোকানের ভিতরে ঘুমন্ত অবস্থায় তিনজন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। এসময় বেশ কিছু দোকান ও অন্যান্য স্থাপনা পুড়ে ছাই হয়ে গেছে।

 

শুক্রবার (২ এপ্রিল) ভোর রাত আড়াইটায় উখিয়া উপজেলার রাজাপালং ইউনিয়নের কুতুপালং বাজারে আগুন লাগার এ ঘটনা ঘটে।

 

বিষয়টি নিশ্চিত করেছেন উখিয়া ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার ইমদাদুল হক। তিনি জানান, প্রায় ৩ ঘন্টা চেষ্টার পর ফায়ার সার্ভিসের কর্মিরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। নিহত ও আহতদের নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

 

তবে আগুনের সূত্রপাতের কারণ নিশ্চিত করতে পারেননি ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা। তিনি বলেন, ভোর রাত আড়াইটায় উখিয়ার শরণার্থী ক্যাম্প সংলগ্ন কুতুপালং বাজারে মার্কেটের একটি দোকানে আগুন লাগার ঘটনা ঘটে। পরে খবরটি স্থানীয়রা ফায়ার সার্ভিস স্টেশনে অবহিত করে।

 

পরে সার্ভিসের ২ টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে নিয়ন্ত্রণে আনার চেষ্টা চালায়। এক পর্যায়ে ভোর রাত সোয়া ৫টায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। এর আগে ভস্মিভূত হয়েছে বেশ কিছু দোকানপাট ও অন্যান্য স্থাপনা।

 

এসময় ঘটনাস্থলে আগুন পুড়ে ৩ জন নিহত এবং আহত হয়েছে কয়েকজন। আহতদের উদ্ধার করে রোহিঙ্গা ক্যাম্পের স্থানীয় বিভিন্ন হাসপাতাল এবং উখিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের কর্মিদের পাশাপাশি স্থানীয় লোকজনও অংশগ্রহণ করে বলে জানান ফায়ার সার্ভিসের এ স্টেশন অফিসার।

 

ইমদাদুল আরোও জানান, আগুনের সূত্রপাতের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। আগুন লাগার ঘটনায় বেশ কিছু স্থাপনা পুড়ে গেলেও ক্ষয়ক্ষতির সঠিক পরিমান নির্ধারণ সম্ভব হয়নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *