আন্তর্জাতিক ডেস্ক- কাশ্মীর ইস্যুতে ভারতের অবস্থান না বদলালে দিল্লির সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান।
বৃহস্পতিবার (০১ এপ্রিল) মন্ত্রিপরিষদের বৈঠকে এ কথা জানান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, নয়াদিল্লি কাশ্মীরের বিশেষ মর্যাদা ফিরিয়ে না দিলে বাণিজ্যিক সম্পর্ক স্বাভাবিক করবে না ইসলামাবাদ।
প্রতিবেশী দেশ ভারত থেকে সুতা ও চিনি আমদানির নীতিগত সিদ্ধান্ত নেয়া হলেও তা স্থগিত করা হয়। এতে স্থানীয় বাজারে চিনি ও সুতার দাম বাড়লেও কাশ্মীরের সাধারণ মানুষের স্বার্থে পাকিস্তানের জনগণকে এই ভোগান্তি মেনে নেয়ার আহ্বান জানান পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশি।
জানা যায়, করোনাভাইরাসের সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পর প্রধানমন্ত্রী ইমরান খান আবার কাজে ফিরেছেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রিসভার বৈঠকে সভাপতিত্ব করেন তিনি।
ওই বৈঠকে আলোচনা করা হয় ভারত থেকে চিনি ও সুতা আমদানি করা হবে কিনা। পাকিস্তানের বিরোধীদল এবং কাশ্মীরি জনগণের পক্ষ থেকে কঠোর সমালোচনা সৃষ্টির পর কেন্দ্রীয় মন্ত্রিসভা ভারতের সঙ্গে বাণিজ্যের সিদ্ধান্ত স্থগিত করে।
এ ঘটনায় মনে করা হচ্ছে, পাকিস্তান সরকার জনগণের চাপের মুখে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। কাশ্মীর পরিস্থিতির অগ্রগতি ছাড়া ভারতের সঙ্গে বাণিজ্য শুরুর বিরুদ্ধে জনগণের বিরাট একটি অংশ।
