শাহবাগে নামলেই অ্যারেস্ট, বলেই ছাত্রদের বাসে তুলে দিলো পুলিশ

নজর২৪ ডেস্ক- ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট’– একথা বলেই রাজধানীর শাহবাগে বাস থেকে নামামাত্রই কয়েকজন মাদ্রাসার ছাত্রকে ফের বাসে তুলে দিলো পুলিশ৷ শুক্রবার (৪ ডিসেম্বর) সোয়া ২টার দিকে এ ঘটনা ঘটে৷

 

দুপুর থেকেই শাহবাগ এলাকা ও এর আশপাশে পুলিশ সদস্যদের সক্রিয় অবস্থান ছিল৷ জুমার নামাজের পর শাহবাগ এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ কর্মসূচির পূর্ব ঘোষণা ছিল৷

 

মুক্তিযুদ্ধমঞ্চ ও ছাত্রলীগ দ্বারা আল্লামা আজিজুল হক ও সৈয়দ ফজলুল করিমের অবমাননার প্রতিবাদে ‘সর্বস্তরের মুসলিম তৌহিদী জনতা’ ব্যানারে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দেওয়া হয়৷ রাজধানীতে সভা-সমাবেশ নিষিদ্ধের মধ্যেই ওই কর্মসূচি হওয়ার কথা ছিল৷ এজন্য দুপুর থেকেই শাহবাগ, কাটাবন ও বাইতুল মোকাররম এলাকায় পুলিশের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো৷

 

জুমার নামাজের পরপরই কয়েকজন মাদ্রাসা ছাত্র একটি বাস থেকে শাহবাগ মোড়ে নামে৷ এসময় সেখানে উপস্থিত পুলিশ তাড়াহুড়ো করে তাদের ফের ওই বাসে তুলে দেন৷ এক পুলিশ সদস্য ছাত্রদের উদ্দেশে বলেন, ‘শাহবাগে নামলেই অ্যারেস্ট৷’

 

বাসে তুলে দেওয়া তিন থেকে চার জন ছাত্রের নাম পরিচয় জানা যায়নি৷ পুলিশ তাদের বাসে তুলে দেওয়ার পর চলন্ত বাসে করে তারা সায়েন্সল্যাবের দিকে চলে যায়৷ তাদের মাথায় ছিল টুপি পরনে বিভিন্ন রঙের পাঞ্জাবী-পায়জামা ছিল৷

 

এ ঘটনার সময় পুলিশ টিমের নেতৃত্বে ছিলেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশীদ৷ জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে রয়েছি৷ কোনও ধরনের বিশৃঙ্খলা যাতে সৃষ্টি না হয়, তা নিশ্চিতের চেষ্টা করছি৷’

 

এদিকে পূর্ব অনুমতি ছাড়া সব ধরনের সভা-সমাবেশে নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও জুমার নামাজ শেষে বায়তুল মোকাররমের সামনে থেকে একটি ভাস্কর্যবিরোধী মিছিল বের করা হয়। মিছিলে লাঠিচার্জ করেছে পুলিশ। এরপর মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।

 

দুপুরে জুমার নামাজের পর মোনাজাত শেষ হলে বিক্ষোভকারীরা বায়তুল মোকাররমের উত্তর গেটের সিঁড়িতে অবস্থান নিয়ে স্লোগান দিতে শুরু করে। এ সময় ‘লড়াই লড়াই লড়াই চাই, লড়াই করে বাঁচতে চাই’, ‘দুনিয়ার মুসলিম এক হও’ স্লোগান দেন তারা। এ সময় পুলিশ তাদের চলে যেতে বলে। প্রায় আধা ঘণ্টা স্লোগান দেয়ার পর সিঁড়ি থেকে নেমে যান বিক্ষোভকারীরা।

 

পরে দুপুর ২টার দিকে উত্তর গেট দিয়ে বের হয়ে তারা বিজয়নগরের দিকে আসেন। এ সময় বিক্ষোভকারীরা জমায়েত হওয়ার চেষ্টা করলে পুলিশ লাঠিচার্জ করে তাদের ছত্রভঙ্গ করে দেয়। এতে কয়েকজন একজন আহত হয়েছে। এছাড়া একজনকে আটক করা হয়েছে বলে জানা গেছে। তবে আটকের বিষয়টি পুলিশ স্বীকার করেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *