বেশ কয়েকদিন ধরে ঢাকাসহ বেশিরভাগ জেলায় তাপমাত্রা রেকর্ড করা হচ্ছে ৩৫ থেকে ৪২ডিগ্রি সেলসিয়াসের উপরে। এমন পরিস্থিতিতে দেশে ‘তাপমাত্রা জরুরি অবস্থা’ জারি করা হতে পারে বলে জানিয়েছে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়।
রোববার (১৬ এপ্রিল) দুপুরে গণমাধ্যমে বিষয়টি জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার দীপংকর বর।
দীপংকর বর বলেন, আবহাওয়া যদি আরও কিছুদিন এমন থাকে, তখন ‘তাপমাত্রাজনিত জরুরি অবস্থা’ জারি করা হতে পারে। এটি ভবিষ্যতের বিষয়। এখন আপাতত এই বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি।
Google News Channel24 অনলাইনের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
পরিবেশ, বন ও জলবায়ু মন্ত্রী মো. শাহাব উদ্দিন গণমাধ্যমে বলেন, আবহাওয়াজনিত জরুরি অবস্থা জারি করার মতো কোন সিদ্ধান্ত এখনও হয়নি। বৃষ্টি হলেই এ তাপদাহ কমে যাবে। তাই আরও কয়েকদিন পরিস্থিতি দেখতে চাই, তারপর এ সিদ্ধান্ত নিয়ে ভাবা হবে।
তিনি বলেন, জরুরি অবস্থা জারির মতো সিদ্ধান্ত নিতে হলে আরও কয়েকটি মন্ত্রণালয়ের সঙ্গে বসে সিদ্ধান্ত নিতে হবে। এখনও এ ধরনের বৈঠক হয়নি। তাই জরুরি অবস্থা জারি হচ্ছে এটা বলা যাবে না।
পরিবেশ মন্ত্রী বলেন, শুধু বাংলাদেশ নয়, পার্শ্ববর্তী দেশ ভারতের কলকাতা, নয়াদিল্লীসহ বিভিন্ন শহরে এ তাপদাহ চলছে। জলবায়ু পরিবর্তনের কারণে হঠাৎ এই তাপদাহ চলছে বলেও মনে করেন তিনি।
