ঘরের ছেলে মেসি বার্সেলোনায় ফিরতে পারেন, এমন গুঞ্জন একেবারেই নতুন নয়। এবার লা পুলগার ক্যাম্প ন্যুতে ফেরার প্রসঙ্গে মুখ খুললেন বার্সার সহ-সভাপতি রাফা ইয়স্তে। প্রথমবারের মতো রাফা নিশ্চিত করলেন, মেসিকে পুনরায় দলে ভেড়ানোর বিষয়ে যোগাযোগ করেছেন তারা। ইতালির বিখ্যাত সাংবাদিক ফ্যাবরিজিও রোমেনোর বরাত দিয়ে এই তথ্য জানা যায়।
রাফা ইয়স্তে বলেন, ‘আমরা মেসির শিবিরে যোগাযোগ করেছি। লিও জানে আমরা তাকে কতটা কদর করি ও আমি চাই সে এখানে (বার্সায়) ফিরে আসুক।’
তবে মেসিকে ফিরিয়ে আনতে হলে বার্সাকে আগে তাদের বার্ষিক খরচের অঙ্ক থেকে ১৫ কোটি ইউরো কাঁটছাট করতে হবে, নতুবা কোনোভাবে এই অর্থের জোগান করতে হবে।
এই প্রসঙ্গে বার্সেলোনার সহ-সভাপতি বলেন, হাভিয়ের তেবাসের (লা লিগা সভাপতি) কাছে আমাদের রাজস্ব ও স্থিতিশীলতার পরিকল্পনা জমা দেয়ার আগে এখনো দুই মাস সময় হাতে আছে আমাদের।’
এদিকে, এখনও প্যারিসের ক্লাবের প্রস্তাব সম্পূর্ণভাবে প্রত্যাখ্যানও করেননি মেসি। তার আশা নতুন আরেকটি প্রস্তাব নিয়ে হাজির হবে পিএসজি।
