আওয়ামী লীগ সরকার বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) আধুনিক ও যুগোপযোগী করে পুনর্গঠন করেছে জানিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আশাবাদ ব্যক্ত করেছেন, বিজিবি একদিন বিশ্বের শ্রেষ্ঠতম সীমান্তরক্ষী বাহিনী হিসেবে আত্মপ্রকাশ করবে।
মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে বিজিবি সদর দফতরে বীর উত্তম আনোয়ার হোসেন প্যারেড গ্রাউন্ডে বিজিবি দিবসের কুচকাওয়াজ অনুষ্ঠান শেষে এসব কথা বলেন তিনি।
সরকারপ্রধান বলেন, শৃঙ্খলা এবং চেইন অব কমান্ড একটি বাহিনীর সবচেয়ে গুরুত্বপূর্ণ চালিকাশক্তি। বিজিবির প্রতিটি সদস্যকে চেইন অব কমান্ড এবং কর্তৃপক্ষের আদেশ মেনে চলার আহ্বান জানান তিনি।
বিজিবি দিবস উপলক্ষে বাহিনীর সকল সদস্যদের শুভেচ্ছা জানান সরকারপ্রধান।
প্রধানমন্ত্রী বলেন, ১৯৭৪ সালের ৫ ডিসেম্বর পিলখানায় এসে বঙ্গবন্ধু বলেছিলেন, ‘ঈমানের সাথে কাজ করো, সৎ পথে থেকো, দেশকে ভালবাস।’ তিনি সকল বিজিবি সদস্যকে বঙ্গবন্ধুর এ চিরন্তন দিক নির্দেশনা মেনে চলার কথা জানান।
সকালে কুচকাওয়াজ পরিদর্শন করে বিজিবি সদস্যদের উদ্দেশে প্রধানমন্ত্রী বলেন, কখনো শৃঙ্খলার ব্যাঘাত ঘটাবেন না। অর্পিত দায়িত্ব পালন করবেন। কমান্ড মেনে চলবেন। বিজিবির জন্য তার সরকারের নেয়া নানা উদ্যোগের চিত্র তুলে ধরেন।
সরকারপ্রধান বলেন, একটা স্বাধীন দেশ যেটা পাকিস্তানের প্রদেশ ছিল, একটা যুদ্ধবিধ্বস্ত দেশ, সেই যুদ্ধবিধ্বস্ত দেশে জাতির পিতা বঙ্গবন্ধু মাত্র সাড়ে তিন বছরের মধ্যে এদেশকে গড়ে তুলে স্বল্প উন্নত দেশ হিসেবে গড়ে তুলেছিলেন। জাতির পিতা বেঁচে থাকলে ১০ বছরের মধ্যে বাংলাদেশ ক্ষুধা দারিদ্রমুক্ত, উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ গড়ে উঠতে পারত। সেটা আমাদের ভাগ্যে জোটেনি, এটাই আমাদের দুর্ভাগ্য।
জাতির পিতার ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত উন্নত-সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করে সরকারপ্রধান বলেন, ২০৪১ সালের মধ্যে উন্নত বাংলাদেশ এবং ২১০০ সালের মধ্যে আমরা ডেল্টা প্ল্যান বাস্তবায়ন করব।
তিনি বলেন, ২২৭ বছরের ঐতিহ্যবাহী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ মুক্তিযুদ্ধ গৌরবময় ভূমিকা রেখেছিলেন।
