কাতারে চলমান বিশ্বকাপ ফুটবলে বাংলাদেশিদের সমর্থন নজরে আসে আর্জেন্টিনার। তারই প্রেক্ষাপটে দেশটি পুনরায় বাংলাদেশে দূতাবাস খোলার পরিকল্পনা করছে।
শনিবার (১০ ডিসেম্বর) এক টুইট বার্তায় আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো কাফিয়েরো বাংলাদেশে পুনরায় দূতাবাস চালু করার পরিকল্পনার কথা জানান।
স্প্যানিশ ভাষায় করা ওই টুইট বার্তায় বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে একটি ছবি ও বাংলাদেশি সমর্থকদের আর্জেন্টিনার ফুটবল দলকে সমর্থনের একটি ছবি প্রকাশ করেন কাফিয়েরো।
টুইটে কাফিয়েরো আগস্টে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি বিষয়ক একটি সম্মেলনে বৈঠকের কথা স্মরণ করেন।
বাংলাদেশে আর্জেন্টিনার দূতাবাস খোলার বিষয়ে বার্তা সংস্থা দ্য মেরকো প্রেস জানিয়েছে, আর্জেন্টিনার পররাষ্ট্রমন্ত্রী সান্তিয়াগো ক্যাফিয়েরো বাংলাদেশে দূতাবাস চালুর ঘোষণা দিয়েছেন। আগামী বছরই এ বিষয়টি চূড়ান্ত করা হতে পারে।
ক্যাফিয়েরো বলেছেন, ২০২৩ সালে ভারতে পররাষ্ট্রমন্ত্রীদের শীর্ষ সম্মেলনে (জি-২০) অংশ নেয়ার পর তিনি বিষয়টি চূড়ান্ত করতে বাংলাদেশে সফর করবেন।
চলতি বছরের আগস্টে জাতিসংঘে একটি সম্মেলনে গিয়ে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠক করেন সান্তিয়াগো। সেই সময়ের ছবিসহ টুইট করেন তিনি।
একই দিনে আরেক টুইটে আর্জেন্টিনা থেকে বাংলাদেশে রপ্তানি করা পণ্য নিয়ে লেখেন সান্তিয়াগো। তিনি উল্লেখ করেন, ২০২১ সালে সয়াবিন তেল, ময়দা, ভুট্টা ও গমসহ মোট ৮৭৬ মার্কিন ডলারের পণ্য রপ্তানি করা হয়েছে, যা এ যাবৎকালের মধ্যে সবচেয়ে বেশি।
আরেক টুইটে তিনি লিখেছেন, আর্জেন্টিনা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের সম্ভাবনাকে কাজে লাগাতে চায়। বিশেষ করে বাণিজ্যিক দিকটিতে প্রচুর সম্ভাবনা রয়েছে বলে ধারণা করছেন তারা।
উল্লেখ্য, বাংলাদেশে আর্জেন্টিনা দূতাবাস ১৯৭৮ সাল থেকে বন্ধ রয়েছে। এজন্য নিকটতম দূতাবাস হিসেবে ভারতে অবস্থিত আর্জেন্টিনার দূতাবাসের মাধ্যমে কাজ করতে হয়। বাংলাদেশসহ নেপাল, ভুটান, শ্রীলঙ্কা ও মালদ্বীপের জন্য ভারতে অবস্থিত দূতাবাসে রাষ্ট্রদূত নিযুক্ত করেছে আর্জেন্টিনা।
