১০ ডিসেম্বর ঢাকা সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ১০ ডিসেম্বর ঢাকা শহর অচল করে সরকার পতনের হুমকি দিয়েছে বিএনপি। এখন দুই কোটি মানুষের বাসযোগ্য ঢাকাকে সচল রাখার দায়িত্ব ডিএমপি কমিশনারের।

শনিবার (৩ ডিসেম্বর) দুপুর আড়াইটার দিকে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার নবনির্মিত ভবন উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, আওয়ামী লীগসহ সমস্ত রাজনৈতিক ও সামাজিক সংগঠন সোহরাওয়ার্দী উদ্যানে জনসমাবেশ করে। বিএনপি বলেছে, তাদের অনেক মানুষ জড়ো হবে, সেজন্য তাদের সুবিধার্থেই পুলিশ কমিশনার সোহরাওয়ার্দী উদ্যান তাদের সমাবেশের জন্য বরাদ্দ করেছিলেন। এজন্য ছাত্রলীগের সম্মেলনের তারিখও পরিবর্তন করা হয়েছে।

কিন্তু বিএনপি নাকি সেটি না করে দিয়ে দলীয় কার্যালয়ের সামনে যাবে বলে জানিয়েছে। তারা যদি পুলিশ কমিশনারের নিষেধ না মেনে নয়া পল্টনে তাদের কার্যালয়ের সামনে জড়ো হয় তাহলে পুলিশ কমিশনারই এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন। ঢাকা শহরকে সচল রাখতে ও আইন-শৃঙ্খলা স্বাভাবিক রাখতে পুলিশ কমিশনার প্রয়োজনীয় সব ব্যবস্থা গ্রহণ করবেন।

দলীয় কার্যালয়ে বিএনপির চাল-ডাল মজুতের বিষয়টি আওয়ামী লীগ কিভাবে দেখছে- এ প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, চাল-ডাল নিয়ে দলীয় কার্যালয়ে অবস্থান করে নাকি বিএনপি সরকার পতনের ডাক দেবে। এখানে আমাদের বক্তব্য স্পষ্ট, আওয়ামী লীগ কখনও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসেনি। জনগণের ভোটের মাধ্যমে ক্ষমতায় এসেছে। অন্যদিকে বিএনপি বন্দুকের নল ঠেকিয়ে ক্ষমতায় এসেছে। তারা এবারও ষড়যন্ত্রের মাধ্যমে ক্ষমতায় আসতে নানা অপকৌশল করে যাচ্ছেন। তারা চাল-ডাল মজুত করে কি করে সে বিষয়টি আওয়ামী লীগ দেখছে।

এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মাহবুব আলী, হবিগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. আবু জাহির, হবিগঞ্জ-২ আসনের সংসদ সদস্য আব্দুল মজিদ খান, হবিগঞ্জ-১ আসনের সংসদ সদস্য গাজী মোহাম্মদ শাহনওয়াজ, সিলেট রেঞ্জের ডিআইজি মফিজ উদ্দিন আহমেদ, হবিগঞ্জের জেলা প্রশাসক ইশরাত জাহান, পুলিশ সুপার এসএম মুরাদ আলি, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আলমগীর চৌধুরী, পিবিআই হবিগঞ্জের পুলিশ সুপার আল মামুন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজরাতুন নাঈম প্রমুখ।

পরে থানা মাঠে আয়োজিত সুধি সমাবেশ অংশ নেন স্বরাষ্ট্রমন্ত্রী। সেখানে তিনি ‘নবযাত্রা’ ও ‘প্রচেষ্টা’ শীর্ষক স্মারক গ্রন্থের মোড়ক উন্মোচন করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *