আমি চাই না মেয়েকে এমন তকমা দেয়া হোক: ন্যান্সি

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত জনপ্রিয় সংগীতশিল্পী ন্যান্সি। কোটি শ্রোতার হৃদয়ে জায়গা করে অনেক অর্জনই আছে তার। প্লেব্যাকে দুর্দান্ত সফল এই গায়িকা। সম্প্রতি বিভিন্ন বিষয় নিয়ে একটি সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন ন্যান্সি।

সাক্ষাৎকারে তিনি বলেন, সংগীতকে কখনোই পেশা হিসেবে নেয়া ঠিক না। পেশা হিসেবে সংগীত খুবই বাজে। সংগীতে তাদেরই আসা উচিত, যারা পারিবারিকভাবে বেশ সচ্ছল। কেননা, এখানে মেধার সঙ্গে লড়াই করতে হয় নিজেকে প্রমাণ করার জন্য। উঠে দাঁড়াতে না পারলে টিকে থাকার লড়াইয়ের শেষ থাকে না।

ন্যান্সির বড় মেয়ে মার্জিয়া বুশরা রোদেলা গান করছেন। সেও মায়ের মতই শিল্পী হতে চায়। তাহলে রোদেলা কী প্রফেশনালি সংগীতে জড়াচ্ছেন?

এমন প্রশ্নে ন্যান্সি বলেন, সে তার মতো ভালোবেসে, ভালোলাগার জায়গা থেকে গান করে। আমি কখনো জোর করিনি রোদেলাকে। গানকে সে প্রফেশনালি নিক সেটাও কখনো ভাবনাতে নেই আমার। সেও হয়তো পেশা হিসেবে ভাবে না। ও গাইতে পছন্দ করে।

তিনি বলেন, রোদেলা যে গান করে তা অনেক পরে জানতে পেরেছি আমি। তার বয়স যখন ১০ বছর, সেই সময় জানতে পেরেছি ওর গান করার ব্যাপার। এর আগে তো জানতামই না আমার মেয়ে গান গায়। একদিন আমার ছোট ভাই এসে বলল, তুমি কি জানো রোদেলা গান গায়? সে বিভিন্ন গান গেয়ে মোবাইল ফোনে রেকর্ড করে রাখতো। পরে ছোট ভাই সেই রেকর্ড করা গান শোনায় আমাকে। গান শোনার পরে দেখি তার গায়কীর ধরন অনেক ভালো। এখনো প্রপার ভয়েজ আসেনি তার। বয়স মাত্র ১৪/১৫, এর মধ্যেই কয়েক ধাপে কণ্ঠে পরিবর্তন আসে। এটা আমারও হয়েছে, সবারই হয়ে থাকে। গায়কী ভালো হওয়ায় মনে হলো আমিতো কিছু করতেই পারি মেয়ের জন্য।

গায়িকা ন্যান্সি মা হিসেবে তেমন সুযোগ দিচ্ছেন না কেন মেয়েকে? জানতে চাইলে তিনি বলেন, আমি চাইলে আমার মেয়ের কণ্ঠে অনেক গান রেকর্ড করাতে পারতাম। মেয়েটা এ নিয়ে অনেক আফসোসও করে। তার মাত্র দুটো গান। এর মধ্যে একটা হাবিব ওয়াহিদের সঙ্গে করা। সে বলে, মা চাইলে আমাকে দিয়ে গান রেকর্ড করাতে পারেন।

ন্যান্সি বলেন, আমি রোদেলাকে সুযোগ করে দিতে পারতাম। কিন্তু দেইনি এই কারণে রোদেলা যখন অনেক গান করবে তখন অনেকে বলবে, ‘ন্যান্সির মেয়ে। তাহলে ওর অনেক গান রেকর্ড তো হবেই। ওর গুণ থাকার প্রয়োজন নেই।’ আমি চাই না এমন তকমা তাকে দেয়া হোক, যেন কেউ তাকে মায়ের খ্যাতি ব্যবহারের কথা বলে। হ্যাঁ, কিছুটা মায়ের পরিচয় আসবে। কিন্তু আমার মনে হয় সে নিজস্ব গায়কীতে এবং মেধায় অনেক ভালো করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *