বিএনপির সমাবেশের আগে এবার রাজশাহী বিভাগে বাস চলাচল বন্ধ

রাজশাহী: সড়কে অবৈধ যানবাহন চলাচল বন্ধসহ ১০ দফা দাবিতে রাজশাহী বিভাগে আজ সকাল থেকে শুরু হয়েছে পরিবহন ধর্মঘট।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) সকালে রাজশাহী পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদক মতিউল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, মহাসড়কে নছিমন, করিমন, ভটভটির মতো অবৈধ যানবাহন চলাচল বন্ধ করাসহ ১০ দফা দাবিতে আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ডাক দেওয়া হয়েছিল। বেধে দেওয়া সময়ের মধ্যে তাদের দাবি পূরণ হয়নি। এই কারণে বৃহস্পতিবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। এ ধর্মঘটের আওতায় থাকবে সব যাত্রী ও পণ্যবাহী পরিবহন।

এর আগে, গত শনিবার নাটোরে বিভাগীয় পরিবহন মালিক-শ্রমিক ঐক্য পরিষদের সভায় ১০ দফা দাবি আদায়ে ৩০ নভেম্বর পর্যন্ত আল্টিমেটাম দিয়ে ধর্মঘটের ঘোষণা দেওয়া হয়।

এদিকে, দেশের বিভিন্ন বিভাগীয় শহরে গণসমাবেশ করেছে বিএনপি। যার প্রায় প্রত্যেকটিতেই সমাবেশ শুরুর কয়েকদিন আগে থেকে পরিবহন ধর্মঘট শুরু করে স্থানীয় পরিবহন মালিকরা। তারই ধারাবাহিকতায় রাজশাহীতেও গণসমাবেশের দু’দিন আগে থেকেই অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘট শুরু হচ্ছে বলে দাবি বিএনপির। তবে পরিবহন ধর্মঘট কিংবা মামলা দিয়ে সমাবেশ বাধাগ্রস্ত হবে না বলেও দাবি রাজশাহীর গণসমাবেশ আয়োজকদের।

বিএনপির মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন বলেন, বিএনপির বিভাগীয় সমাবেশ সফল করতে না দেওয়ার অংশ হিসেবে দু’দিন আগেই পরিবহন ধর্মঘট দেওয়া হয়েছে। এছাড়াও প্রতিটি পথে বিএনপির আগত নেতাকর্মীদের হয়রানি করা হচ্ছে। পুলিশ তাদের কোথাও দাঁড়াতে দিচ্ছে না, রাস্তায় আটকিয়ে দিচ্ছে। তবে যে কোনোভাবেই হোক সমাবেশ সফল হবেই বলে দাবি এই বিএনপি নেতার।

এ ব্যাপারে বিএনপির সাংগঠনিক সম্পাদক ও রাজশাহী বিভাগীয় গণসমাবেশ কমিটির সমন্বয়ক রুহুল কুদ্দুস তালুকদার দুলু বলেন, “সমাবেশে যেন নেতাকর্মীরা আসতে না পারে সেজন্য রাজশাহী বিভাগে পরিবহন ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। ধর্মঘট দিয়ে বিএনপির নেতাকর্মীদের আটকে রাখা যাবে না। যে কোনো মূল্যে এই গণসমাবেশ সফল করা হবে।”

তবে ধর্মঘট প্রসঙ্গে বিএনপি নেতার অভিযোগ অস্বীকার করেছেন রাজশাহী বিভাগীয় সড়ক পরিবহন মালিক-শ্রমিক পরিষদের সভাপতি সাফকাত মঞ্জুর বিপ্লব। তিনি বলেন, পরিবহন ধর্মঘট নিয়ে কারও সঙ্গে আমাদের সম্পর্ক নেই। আমাদের এই দাবিগুলো দীর্ঘদিনের। কিছু দিন আগেও আমরা সংবাদ সম্মেলন করে দাবি পূরণে আল্টিমেটাম দিয়েছি। কিন্তু দাবি পূরণে কোনো উদ্যোগ নেওয়া হয় নি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *