খুব ইচ্ছে করে অভিনয় করতে, কিন্ত পারি না: মাসুদ আলী খান

দীর্ঘ অভিনয় ক্যারিয়ারে কোনো বাধাই তাঁকে অভিনয় থেকে দূরে রাখতে পারেনি। এখনো মাঝেমধ্যে অভিনয়ের প্রস্তাব পান। কিন্তু বাধা হয়ে দাঁড়ায় শরীর, বয়স। আসছে ১ ডিসেম্বর ৯৩ বছরে পা দেবেন গুণী অভিনেতা মাসুদ আলী খান। এখনো ক্যামেরার সামনে দাঁড়াতে চায় তাঁর মন। ইচ্ছা থাকা সত্ত্বেও কষ্ট নিয়ে নির্মাতাদের কাছে অপারগতা প্রকাশ করেন।

শেষ দিন পর্যন্ত অভিনয় করে যাবেন, এটাই ভেবেছিলেন মাসুদ আলী খান। সেই ইচ্ছায় প্রথম আঘাত আসে প্রায় আট বছর আগে। হঠাৎ করেই বাসায় পড়ে গিয়ে পা ও কোমরে আঘাত পান। তারপর থেকে শারীরিক অবস্থা নাজুক হতে থাকে। তারপরও টুকটাক চালিয়ে গেছেন অভিনয়।

এই অভিনেতা সম্প্রতি এক সাক্ষাৎকারে বলেন, ৪ বছর ধরে অভিনয় করতে পারি না। সবশেষ ইত্যাদিতে অংশ নিয়েছিলাম একবছর আগে। কিন্ত নাটক করা হয় না ৪ বছর। খুব ইচ্ছে করে অভিনয় করতে, কিন্ত পারি না। একটা জীবন কাটিয়ে দিলাম অভিনয় করে, সেখানে অভিনয় থেকে, চেনা মানুষদের থেকে দূরে থাকা অবশ্যই কষ্টের। খারাপও লাগে অভিনয় না করতে পারার জন্য।

তিনি বলেন, ৮ বছর আগে পড়ে গিয়ে কোমর ভেঙে গিয়েছিল। তারপর থেকেই অনেকটা ঘরে পড়ে আছি। কোথাও যাই না। ঘরেই সময় কাটাই। কয়েক মাস পর পর একটু বাসার নিচে যাই। এ ছাড়া বেশিরভাগ সময় বাসায় থাকি। বই পড়ি, টেলিভিশন দেখি, পত্রিকা পড়ি, গানও শুনি। অনেক প্রিয় লেখক আছেন। কোনো কোনো লেখকের বই দ্বিতীয়বার করে পড়ছি। এভাবেই সময় কেটে যায়।

পাওয়া না পাওয়া নিয়ে কোনো দুঃখবোধ কাজ করে কি? জানতে চাইলে মাসুদ আলী খান বলেন, না, না। দুঃখবোধ নেই আমার। পাওয়া না পাওয়া নিয়ে ভাবি না। আমি মনে করি আল্লাহ আমাকে বিপুল মানুষের ভালোবাসায় সিক্ত করেছেন। এটা কজন পায়? এটুকুই শিল্পী জীবনের সেরা প্রাপ্তি। এখনো আল্লাহ বাঁচিয়ে রেখেছেন এজন্য কৃতজ্ঞ মহান সৃষ্টিকর্তার প্রতি। মানুষ ভালোবাসে, সম্মান করে তাই তো অনেক।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *