চিনির কেজি ১২০ টাকা, সংকট সয়াবিন তেলের

নানা অজুহাতে আবারও চিনির দামে আগুন লেগেছে। মাত্র এক মাসের ব্যবধানে কেজিপ্রতি চিনির দাম ২০ থেকে ৩০ টাকা বেড়ে বর্তমানে বিক্রি হচ্ছে ১১৫ থেকে ১২০ টাকায়। তবুও বাজার ঘুরে দেখা গেছে চিনির সংকট।

বাজারে বাড়তি দাম, ক্রেতারাও বাধ্য হয়ে এই দামেই কিনছে, তবুও কেন সংকট— এমন প্রশ্নের উত্তর নেই ব্যবসায়ীদের কাছে। তবে ক্রেতারা বলছেন, বাড়তি দামেও সংকটের কারণ হলো আবারও দাম বাড়ানোর একটা প্রয়াস মাত্র।

শুক্রবার (১১ নভেম্বর) সকালে রাজধানীর বাড্ডা এলাকার একাধিক বাজার ঘুরে এমন চিত্র দেখা গেছে।

এসময় এই এলাকার অনেক দোকানে খোঁজ নিয়ে খোলা চিনি পাওয়া যায়নি। বিক্রেতারা জানিয়েছেন, ক্রেতারা বেশি দামে খোলা চিনি কিনতে চাইছেন না।

মধ্যবাড্ডা এলাকার রাজিয়া স্টোরের স্বত্বাধিকারী রফিকুল ইসলাম বলেন, ‘আমরা ১২০ টাকা কেজি দরে চিনি বিক্রি করছি। বেশি দাম কিনে আনলে আমাদেরও একটু বেশি দামেই বিক্রি করতে হবে। কি করব, মার্কেটেও পর্যাপ্ত নেই। বিক্রি করতে হলে বেশি দামেই কিনে আনতে হবে। অন্যথায় বিক্রি করা বন্ধ করে দিতে হবে।’

তিনি বলেন, ‘কোম্পানিকে আজও ফোন দিয়েছি, তারা বলতে পারছে না কবে চিনির দাম কমে আসবে। আমাদের কেনা দাম ১১০ টাকারও বেশি।’

ওই এলাকার ব্যবসায়ী মোহাম্মদ ইব্রাহিম বলেন, ‘এক মাস আগেও আমরা ৯০ টাকা করে চিনি বিক্রি করেছি। এখন বিক্রি করছি ১১৫ টাকায়। কেজিপ্রতি ২৫ টাকা বেড়েছে।’ দাম বাড়ার কারণ জানতে চাইলে তার জবাব, ‘আমরা কিছু বলতে পারি না।’

এদিকে সম্প্রতি দাম বৃদ্ধির পর নিত্যপণ্যের বাজারে সয়াবিন তেলের সংকট দেখা দিয়েছে। এর জন্য খুচরা ব্যবসায়ীরা ডিলারদের দায়ী করছেন।

তারা বলছেন, গত এক সপ্তাহ ডিলাররা বাজারে কোনো ধরনের বোতলজাত তেল দিচ্ছেন না। যা ছিল এর মধ্যে ৫ লিটারের কিছু বোতল ছাড়া বাকি সব বিক্রি হয়ে গেছে। এখন তাদের কাছে তিন দিন বিক্রি করার যাবে সে পরিমাণ তেল রয়েছে।

এদিকে, গত ১ নভেম্বর সয়াবিন তেলের দাম বাড়ানোর প্রস্তাব দেয় বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স অ্যান্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন। তারপরই বাজারে তেলের সরবরাহ কমিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তুলেছেন ব্যবসায়ীরা।

সংশ্লিষ্টরা জানান, খুচরা পর্যায়ে সয়াবিন তেলের মূল্য না বাড়লেও তবে সরবরাহ কমে গেছে। কিছু ক্ষেত্রে ক্রেতাদের বাড়তি টাকা গুনতে হচ্ছে।

কারওয়ান বাজারের খুচরা মুদি দোকানিরা বলেছেন যে তেলের জন্য ডিলারকে অগ্রিম টাকা দিলেও সরবরাহ করেনি। ডিলারের কাছে জানতে চাইলে তারা বলেন, কোম্পানি আমাদের তেল দিচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে টাউন হল বাজারের তীর কোম্পানির ডিলার সাইফুল হোসেন বলেন, গত এক সপ্তাহ ধরে কোম্পানি তেলের সরবরাহ কমিয়ে দিয়েছে। অর্ডার করেও আমরা তেল পাচ্ছি না।

গত ৩ অক্টোবর বোতলজাত সয়াবিন তেলের দাম লিটারে ১৪ টাকা এবং খোলা সয়াবিন তেলের দাম ১৭ টাকা কমানো হয়। বর্তমানে প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম ১৭৮ টাকা, খোলা সয়াবিন তেলের দাম ১৫৮ টাকা লিটার এবং ৫ লিটার বোতলজাত তেলের দাম ৮৮০ টাকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *