মন্ত্রীর পদমর্যাদা পাচ্ছেন ঢাকার দুই মেয়র

অবশেষে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি) ও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়রকে মন্ত্রীর পদপর্যাদা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।

প্রধানমন্ত্রীর কার্যালয়ের নির্বাহী সেলের মহাপরিচালক আল মামুন মোর্শেদের সই করা এক আদেশে রবিবার (৭ আগস্ট) এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ডিএনসিসি মেয়র আতিকুল ইসলাম ও ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসকে মন্ত্রী এবং চট্টগ্রাম সিটির মেয়র মো. রেজাউল করিম চৌধুরী ও নারায়ণগঞ্জ সিটি মেয়র সেলিনা হায়াৎ আইভীকে প্রতিমন্ত্রী পদমর্যাদা দেয়ার বিষয়টি প্রধানমন্ত্রী অনুমোদন করেছেন।

আদেশে মেয়রদের নামের পাশে পদমর্যাদা দিয়ে গেজেট প্রকাশের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে মন্ত্রিপরিষদ বিভাগকে অনুরোধ জানানো হয়েছে।

এর আগে ২০১৫ সালে ২৮ এপ্রিল অনুষ্ঠিত নির্বাচনে ঢাকা দক্ষিণ সিটির মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এবং ঢাকা উত্তর সিটির প্রয়াত মেয়র আনিসুল হক নির্বাচিত হওয়ার পর ২০১৬ সালের ২১ জুন মন্ত্রীর পদমর্যাদা দিয়ে এক প্রজ্ঞাপন জারি করে মন্ত্রিপরিষদ বিভাগ। এরমধ্যে আনিসুল হক মারা যাওয়ার পর ২০১৯ সালে উপনির্বাচনে বিজয়ী হয়ে ৯ মাস ডিএনসিসির মেয়রের দায়িত্ব পালন করেছিলেন আতিকুল ইসলাম। তখন তিনিও মন্ত্রীর পদমর্যাদা ভোগ করেন।

২০২০ সালের ১ ফেব্রুয়ারি ডিএনসিসিতে আতিকুল ইসলাম ও ডিএসসিসিতে শেখ ফজলে নূর তাপস মেয়র নির্বাচিত হন। ২৭ ফেব্রুয়ারি তাদের শপথ বাক্য পাঠ করান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে ১৩ মে দ্বিতীয় মেয়াদে মেয়র হিসেবে দায়িত্ব নেন আতিকুল। তিন দিন পর নগর ভবনের দায়িত্ব নেন তাপস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *