লাল টকটকে ঢাকাইয়া শাড়ি পরে চমকে দিলেন ওটিলিয়া

নেচে-গেয়ে ঢাকার দর্শকদের মাতিয়েছেন বিশ্বজুড়ে সাড়া জাগানো রোমানিয়ান পপ শিল্পী ওটিলিয়া ব্রুমা। বাংলাদেশে এটাই ছিল তার প্রথম লাইভ কনসার্ট। কনসার্টের পরদিনই ধরা দিলেন অন্যরুপে। লাল টকটকে শাড়ি পরা ছবি পোস্ট করে চমকে দিয়েছেন সবাইকে।

রোববার (২৪ জুলাই) দুপুরে নিজের ভেরিফাইড ফেসবুক পেজ ও ইনস্টাগ্রামে তিনি এ ছবি পোস্ট করেন।

এ সময় ক্যাপশনে লিখেন, বাংলাদেশের ট্রেডিশনাল পোশাকে। তার এই শাড়ি পরা ছবি মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে। শেয়ার, লাভ রিএক্ট আর কমেন্টস বক্সে শুভেচ্ছা জানাচ্ছেন তাকে সবাই।

ওটিলিয়া ব্রুমার বিশ্বজুড়ে কোটি কোটি অনুসারী তার। যাকে বলা হয় ‘বিলিয়নিয়ার খ্যাত গায়িকা। প্রথমবারের মতো বাংলাদেশে এসেছেন তিনি।

দেশের একটি মুঠোফোন কোম্পানির উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিতেই বাংলাদেশে আসা ওটিলিয়ার।

২৩ জুলাই বসুন্ধরা আন্তর্জাতিক কনভেনশন সিটিতে সন্ধ্যায় অনুষ্ঠিত হয় ওটিলিয়ার লাইভ কনসার্ট। এরপর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলেও কনসার্ট করেন তিনি।

এ প্রসঙ্গে ওটিলিয়া লাইভ ইন ঢাকা ইভেন্টের ফ্যাশন ইনচার্জ সৈয়দ রুমা বলেন, ‘ওটিলিয়া বাংলাদেশে দুদিন থাকার পরিকল্পনা করে এসেছে। আমরা আগেই পরিকল্পণা করেছিলাম ওকে আমাদের দেশীয় পোশাক পড়াব।সেটাই করেছি আমরা। বাংলাদেশের জামদানিতে দারুণ লাগছিলো ওকে।’

৩০ বছর বয়সী ওটিলিয়ার জন্ম রোমানিয়ার সুসেভায়। ২০১৪ সালে ‘বিলিয়নেরা’ গানটি প্রকাশের পর ব্যাপক পরিচিতি পান তিনি। শুধু ইউটিউবেই গানটির ভিউ ছাড়িয়ে গেছে ৫৫ কোটির বেশি। এটাই ওটিলিয়ার প্রথম বাংলাদেশ সফর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *