ঈদুল আজহায় প্রযোজক ও অভিনেতা অনন্ত জলিল ও অভিনেত্রী বর্ষা অভিনীত ‘দিন দ্যা ডে’ সিনেমা মুক্তি পেয়েছে। সিনেমাটির বাজেট ১০০ কোটি টাকা দাবি করায় মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল এটি। তবে সব অপেক্ষা শেষে ঈদে শতাধিক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সিনেমাটি। মুক্তির পরও নানা কারণে আলোচনা-সমালোচনা হচ্ছে সিনেমাটি নিয়ে।
সিনেমাটি বাংলাদেশ ও ইরান যৌথ প্রযোজনায় নির্মাণ করেছেন। এটি পরিচালনা করেছেন ইরানি নির্মাতা মুর্তজা অতাশ জমজম। এ কারণে মুক্তির পর দর্শকদের আগ্রহেরও শেষ নেই। দর্শকরাও উপভোগ করছে সিনেমাটি।
এদিকে অনন্ত জলিলের সিনেমাটি নিয়ে আলোচনা-সমালোচনা দুই-ই চললেও বিষয়টি নিয়ে কথা বলেছেন চলচ্চিত্রের মুভিলর্ডখ্যাত ডিপজল। তিনি জানিয়েছেন, সবকিছুরই লিমিট আছে। বাস্তবতা মানতে হবে। সিনেমার পরিস্থিতি ভালো না। তবুও কিছু সিনেমা মুক্তি পাচ্ছে। এর মধ্যে যে সিনেমাটি নিয়ে সমালোচনা শুনছি তা কাম্য নয়।
ডিপজল বলেন, যে সিনেমাটির বাজেটের কথা বলা হচ্ছে, তার বাস্তবতা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে অনেকের মধ্যে। আমার কথা হচ্ছে, সিনেমার প্রচার-প্রচারণার মাধ্যমে দর্শকের কাছে পৌঁছানোর দরকার আছে। এক্ষেত্রে, এমন কোনো প্রচার-প্রচারণা চালানো উচিৎ নয়, যা অতিরঞ্জিত এবং বিশ্বাসযোগ্যতা হারায়। প্রচার-প্রচারণার কারণে দর্শক হলে গিয়ে সিনেমাটি দেখে যদি তার সঙ্গে মিল না পায়, তাহলে তারা হতাশ হয়। এটা তাদের কাছে ধোকা হয়ে দাঁড়ায়।
ডিপজল বলেন, এখন দর্শক অনেক কিছু জানে। কোন সিনেমার বাজেট কত হতে পারে, তা তারা বুঝতে পারে। কারণ, তারা হলিউড-বলিউডসহ বিশ্বের সবদেশের সিনেমা এখন দেখে অভ্যস্ত হয়ে গেছে। তারা একটি সিনেমা দেখে বলে দিতে পারে সিনেমাটি কতটা ব্যয়বহুল। বাস্তবতা হচ্ছে, আমাদের দেশের সিনেমার বাজার ছোট হয়ে গেছে। বছরে গড়ে ৪০-৫০টি হলে সিনেমা চলে। ঈদের সময় কিছু কিছু সিনেমা হল খুলে আবার বন্ধ করে দেয়া হয়। এমন বাস্তবতায় এক কোটি টাকা বাজেটের সিনেমার লাভ করা দূর থাক, এর মূল টাকা উঠে আসাও অসম্ভব। কাজেই, সিনেমার বাজেট নিয়ে অবাস্তব প্রচার-প্রচারণা না করাই ভালো।
ডিপজল বলেন, কেউ শত কোটি কেন, তার চেয়েও বেশি টাকা খরচ করে সিনেমা বানাতে পারে। হলিউড-বলিউডে এমন সিনেমা নির্মিত হয়। সেগুলো দেখে দর্শক বুঝতে পারে। তবে আমাদের দেশে এত টাকা ব্যয় করে সিনেমা বানানোর বাস্তবতা নেই। সিনেমাটি দেখে যদি দর্শক মনে করে, এত টাকার সিনেমা নয়, তাহলে ওই নির্মাতা দর্শকের কাছে হাসির পাত্র হয়। তাছাড়া টাকা খরচ করলেই হয় না, সিনেমার গল্প এবং শিল্পীদের অভিনয় জোরদার হতে হয়। এটা না হলে যত টাকাই খরচ করা হোক না কেন, ওই সিনেমা ব্যর্থ হতে বাধ্য। সবচেয়ে বড় বিষয় হচ্ছে, কেউ যদি আমাদের সিনেমার বাজার না বুঝে কোটি কোটি টাকা খরচ করে সিনেমা বানায়, আর সেটা যদি মানসম্মত না হয়, তাহলে এটা বোকামি ছাড়া কিছু নয়।
