আমি ক্লান্তিতে বিশ্বাস করি না: ফাহমিদা নবী

ফাহমিদা নবী। নন্দিত কণ্ঠশিল্পী, সুরকার ও উপস্থাপক। শিল্পী পরিবারে তার জন্ম। গান নিয়েই তার সব ব্যস্ততা। পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার।

সম্প্রতি জাতীয় দৈনিক দ্য ডেইলি স্টারের সঙ্গে সংগীত ও জীবনের নানা দিক নিয়ে কথা বলেছেন ফাহমিদা নবী। সাক্ষাৎকারটি তুলে ধরা হলো:

প্রশ্ন: অনেকেই বলছেন এখন ভিউয়ের যুগ, আপনি কি এর সঙ্গে একমত?

ফাহমিদা নবী: সত্যি কথা বলতে কী, লাখ-কোটি ভিউ নিয়ে ভাবি না—এসব শেষ হয়ে যাবে। ভিউ নয়, গান টিকে থাকবে যদি সত্যিকারের ভালো গান হয়। এটা সময়ের গল্প হয়ত। সময়েই ফুরিয়ে যাবে। আমি ভালো গানে বিশ্বাসী। শুদ্ধ গানে বিশ্বাসী।

প্রশ্ন: কেউ কেউ গানকে কনটেন্ট বলছেন, আপনার বক্তব্য?

ফাহমিদা নবী: এটা দুঃখজনক। গান কখনো কনটেন্ট হতে পারে না। গান তো গানই। একটি ভালো গান মানুষকে কতোখানি আনন্দ দিতে পারে, তা বলে বুঝানো যাবে না। কেউ কেউ গানকে গান না বলে কনটেন্ট বলেন। দর্শক-শ্রোতারা কমেন্টে এমনটি লিখেন।

আমি অবাক হই। গান তো কনটেন্ট না। গান হচ্ছে গান, যা হৃদয়কে স্পর্শ করে যায়। গান, কবিতা, বই এসবকেও আজকাল কেউ কেউ কনটেন্ট বলছেন। মোটেও ঠিক নয়।

প্রশ্ন: গান শোনা, বই পড়া, ছবি দেখা—এসব কি কখনো বন্ধ হয়ে যাবে?

ফাহমিদা নবী: না। গান শোনা কখনো বন্ধ হবে না। মানুষ কখনোই গান শোনা বন্ধ করবেন না। গান শুনবেন। ভালো গান মানুষ শুনবেনই। এ কথা আমি জোর দিয়ে বলতে পারি। নতুন নতুন গান আসবে। অনেক গান আসবে। কিন্তু, হৃদয় দিয়ে শোনার মতো গানই মানুষ হৃদয়ে ধরে রাখবে। ভালো গান মানুষ মগ্ন হয়ে শুনবে।

প্রশ্ন: নিরাশা বা হতাশা কখনো স্পর্শ করে?

ফাহমিদা নবী: না। আমি সব সময় আশাবাদী মানুষ। আমি আশায় বুক বাঁধি। আমি আশার আলো নিয়ে বাঁচি। সব সময় সুন্দর কিছু চিন্তা করি।

প্রশ্ন: ৪০ বছর ধরে গান করছেন, ক্লান্তি আসে?

ফাহমিদা নবী: না। মোটেই না। আমি ক্লান্তিতে বিশ্বাস করি না। চলমানে বিশ্বাসী। কাজে বিশ্বাসী। কয়েকদিন আগে লন্ডনে গানের অনুষ্ঠান করে গিয়েছিলাম। দেশে ফিরে পদ্মা সেতু নিয়ে গান করলাম। গান নিয়েই আছি। কর্মই হচ্ছে আসল বিষয়। আর কিছু না। পরিশ্রমই জীবনকে সমৃদ্ধ করে। তাই ক্লান্তি আমাকে ছুঁতে পারে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *