ঢাকা: রাজধানীর মোহাম্মদপুরে জাপান গার্ডেন সিটির একটি ভবনের ১৬ তলা থেকে লাফিয়ে পড়ে জায়না হাবিব প্রাপ্তি (২২) নামে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী ‘আত্মহত্যা’ করেছেন বলে জানা গেছে।
বুধবার (১ জুন) বিকেলে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের পাস থেকে নিহতের মরদেহ উদ্ধার হয়। প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা হিসেবেই বিবেচনা করছে পুলিশ।
জায়না হাবিব প্রাপ্তি ঢাবির অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, জায়না সপরিবারে জাপান গার্ডেন সিটির ১৬ নম্বর ভবনের দ্বিতীয় তলার বাসায় থাকতেন। তাঁর বাবা হাবিবুল আজিজ স্থানীয় সরকার ও প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী ছিলেন। আজ বিকেল পাঁচটার দিকে জায়না তাঁদের ভবনের ছাদে যান। তিনি বাইরে থেকে ছাদের দরজার ছিটকিনি লাগিয়ে দেন। এ সময় বৃষ্টি হচ্ছিল। একপর্যায়ে বাড়ির নিরাপত্তাকর্মী ছাদের দরজা খোলা রাখতে বললেও জায়না তা শোনেননি। একপর্যায়ে তিনি ছাদ থেকে নিচে ঝাঁপ দেন এবং ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। খবর পেয়ে আদাবর থানার পুলিশসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে গিয়ে জায়নার লাশ উদ্ধার করেন।
পুলিশের মোহাম্মদপুর অঞ্চলের সহকারী কমিশনার মুজিব আহমেদ পাটোয়ারি বলেন, ছাদের ও আশপাশের ভবনের ক্লোজড সার্কিট ক্যামেরার (সিসি) ফুটেজে দেখা গেছে, জায়না ছাদে উঠে বৃষ্টির মধ্যে হাঁটাহাঁটি করেন। একপর্যায়ে তিনি তাঁর মুঠোফোনটি একটি পলিথিনে ঢোকান। ছাদে ওই মুঠোফোন ও একটি ‘সুইসাইড নোট’ রেখে তিনি একপর্যায়ে ছাদ থেকে নিচে লাফিয়ে পড়েন।
জায়নাদের গ্রামের বাড়ি নোয়াখালী সদরের ভালিয়ালে। এক ভাই ও এক বোনের মধ্যে তিনি ছিলেন বড়। পুলিশ কর্মকর্তা মুজিব বলেন, জায়নার রেখে যাওয়া চিরকুটে লেখা রয়েছে— ‘আমার জীবন একটা ব্যর্থ জীবন। না পারলাম মা–বাবাকে খুশি করতে, না পারলাম অন্য কাউকে খুশি করতে। আমি গেলে কিছু আসবে–যাবে না জানি।’
