এই ছবি শবনম ফারিয়ার সবচেয়ে প্রিয়, কারণ জানালেন নিজেই

নাটকের জনপ্রিয় মুখ শবনম ফারিয়ার ব্যক্তিগত জীবন নিয়ে তার ভক্ত-শুভাকাঙক্ষীদের আগ্রহের কমতি নেই। ফারিয়া নিজেও সোশ্যাল মিডিয়ায় বরাবরই সক্রিয়। প্রতিনিয়ত নতুন নতুন ছবি শেয়ার করেন। সেসব ছবিতে মুগ্ধতা খুঁজে পান ভক্তরা। কিন্তু এত এত ছবির ভিড়ে অভিনেত্রীর নিজের প্রিয় কোনটি? উত্তরটা তিনি নিজেই দিয়েছেন।

রোববার (২৯ মে) সোশ্যাল মিডিয়ায় কয়েকটি ছবি পোস্ট করেন শবনম ফারিয়া। যেখানে তাকে দেখা গেছে লাল পেড়ে কালো শাড়িতে। খোঁপায় বেঁধেছেন বেলী ফুল। আর ছবিটি তুলেছেন নিজের বাসার বারান্দায়।

এই ছবির সব কিছুই ফারিয়ার প্রিয়। সে কথা জানিয়ে অভিনেত্রী লিখেছেন, ‘আমার বাসায় সবচেয়ে প্রিয় জায়গা এই বারান্দা, আমার সবচেয়ে পছন্দের শিল্পীর গানের লাইন তাতে বুনা, তার ওপর কালো আমার সবচেয়ে পছন্দের রঙ, খোঁপায়ও আমার প্রিয় ফুল বেলী আর ছবি দুটো তুলেছেন আমার সবচেয়ে প্রিয় মানুষটি।’

এত প্রিয় যখন ছবিগুলোতে মিশে আছে, সুতরাং সেটা তো সবচেয়ে প্রিয় হবেই। তবে একটা বিপত্তি আছে। ফারিয়া বললেন, “হরমোনাল ইমব্যালেন্সে ভয়াবহ মোটা হয়ে যাওয়ার’ বিষয়টা মাথা থেকে ঝেড়ে ফেলতে পারলে এই ছবি দুটো আমার সবচেয়ে প্রিয় ছবি হওয়ার কথা!”

অর্থাৎ হরমোনজনিত কিছু জটিলতার কারণে আগের চেয়ে অনেকটা মুটিয়ে গেছেন ফারিয়া। এ নিয়ে কিছুটা দুশ্চিন্তা তো রয়েছেই। কিন্তু এরপরও নিজেকে নিয়ে সন্তুষ্ট তিনি। তাই পোস্টের শেষ অংশে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

উল্লেখ্য, মাস দুয়েক আগে চুপিসারে বিয়ে করেছেন ফারিয়া। স্বামীকে নিয়ে বর্তমানে সুখেই সংসার করছেন। তবে খবরটি একান্ত নিজেদের মধ্যেই রেখেছিলেন তারা। কিছুদিন আগে বিয়ের কথা প্রকাশ্যে আসলে স্বীকার করে নেন অভিনেত্রী।

এর আগে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে হারুনুর রশীদ অপুকে বিয়ে করেছিলেন শবনম ফারিয়া। সেই সংসার টিকেছিল ১ বছর ৯ মাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *