পবিত্র ঈদুল ফিতরের বাকি হাতে গোনা কয়েকটি দিন। বছরের সবচেয়ে বড়ো এই উৎসবকে ঘিরে মুক্তি পেতে যাচ্ছে ঢালিউড চিত্রনায়ক শাকিব খানের নতুন সিনেমা ‘গলুই’। এই সিনেমার মাধ্যমে প্রায় দুই বছর পর নতুন সিনেমা মুক্তি পাচ্ছে শাকিবের। যেখানে তিনি প্রথমবারের মতো জুটি বেঁধেছেন এ প্রজন্মের নায়িকা পূজা চেরির সঙ্গে।
মুক্তি উপলক্ষে চলছে ‘গলুই’-এর প্রচারণা। যেটার অংশ হিসেবে টিজার ও একটি গান প্রকাশিত হয়েছে। সেগুলো পেয়েছে ইতিবাচক সাড়া। এবার প্রকাশ্যে এলো সিনেমাটির দ্বিতীয় গান ‘তুই আমি দুই’। বৃহস্পতিবার (২১ এপ্রিল) সন্ধ্যায় ইউটিউবে গানটি উন্মুক্ত করা হয়েছে।
গানের দৃশ্যে দেখা গেল বিরহে কাতর শাকিব ও পূজা দু’জনেই। যদিও তারা একে-অপরকে ভালোবাসেন। কিন্তু ঘটনাক্রমে পূজার বিয়ে হয় অন্যখানে। যেটা মেনে নিতে পারছেন না শাকিব। আবার গরিব হওয়ার কারণে কিছু করতেও পারছেন না। মাঝি হয়ে নৌকা চালিয়ে বধূ সেজে থাকা পূজাকে পৌঁছে দিচ্ছেন।
তবে গানের এক ফাঁকে শাকিব কল্পনা করেন, পূজার সঙ্গে তার বিয়ে হচ্ছে। ধুমধাম আয়োজনে পরিবার তাদের সম্পর্ককে স্বীকৃতি দিচ্ছে। কিন্তু পরক্ষণেই কল্পনাভঙ্গ হয়ে যায়।
‘তুই আমি দুই’ গানটি গেয়েছেন এস আই টুটুল। সুদীপ কুমার দীপের লেখা এ গানের সুর-সংগীত করেছেন ইমন সাহা। শাকিবের ঠোঁটে এস আই টুটুলের বহু গান সুপারহিট হয়েছে। নতুন গানটি কতখানি সাড়া পায়, সেটা এখন দেখার বিষয়।
গ্রামীণ প্রেক্ষাপটে নির্মিত হয়েছে ‘গলুই’। নির্মাণ করেছেন এস এ হক অলিক। গেল অক্টোবরে নির্মাণের শুরু থেকে আলোচনায় থাকা ছবি ‘গলুই’ নিয়ে চলচ্চিত্র সংশ্লিষ্টদের প্রত্যাশাও আকাশচুম্বী! শাকিব খান নিজেও মনে করেন, ঈদে গলুই-তে মেতে থাকবেন দর্শক। তাই ঈদের সময় শুধু একা নয়, দর্শকের পরিবার নিয়ে সিনেমা হলে গিয়ে ‘গলুই’ দেখার আমন্ত্রণ জানিয়েছেন দুই বাংলার জনপ্রিয় চিত্রতারকা শাকিব খান।
সরকারি অনুদান ও খোরশেদ আলম খসরুর যৌথ প্রযোজনায় গলুই-তে শাকিব খানের বিপরীতে আছেন পূজা চেরী। আরও আছেন আজিজুল হাকিম, সুচরিতা, আলী রাজ, সমু চৌধুরী প্রমুখ।
