এবার শিশুদের পাশে দাঁড়ালেন ফারুকী-তিশা

দেশের জনপ্রিয় তারকা দম্পতি নুসরাত ইমরোজ তিশা ও মোস্তফা সরয়ার ফারুকী। বিয়ের প্রায় সাড়ে ১১ বছর পর চলতি বছরের শুরুতেই প্রথমবারের মতো বাবা-মা হয়েছেন তিশা-ফারুকী।

মা হওয়ার পর ৪ মাস পেরিয়ে গেলেও এখনো কাজে ফেরেননি তিশা। তবে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের সাহায্যের জন্য এগিয়ে এসেছেন তিনি।

ছবিয়াল থেকে একটি বিজ্ঞাপন প্রযোজনা করেছেন ফারুকী ও তিশা। সেই বিজ্ঞাপনে থ্যালাসেমিয়ায় আক্রান্ত শিশুদের মানবিক সংকটের জায়গাটি দেখানো হয়েছে। তাঁদের চিকিৎসার জন্য আহ্বান করা হয়েছে সবার সাহায্য।

বিষয়টি নিয়ে তিশা বলেন, ‘থ্যালাসেমিয়া যেসব শিশুর হয় তাদের সারা জীবন রক্ত এবং আয়রন নিষ্কাশনের ওষুধ দিয়ে বাঁচিয়ে রাখতে হয়। বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন এ রকম হাজার হাজার শিশুর চিকিৎসার দায়িত্ব নেয়। এই চিকিৎসার কাজটা ঠিকভাবে করার জন্য থ্যালাসেমিয়া ফাউন্ডেশন একটা জাকাত ফান্ড করেছে। আপনার জাকাতের টাকা এই ফান্ডে দিয়ে আপনি এই মহৎ উদ্যোগের সঙ্গে থাকতে পারেন।’

নিজেদের জাকাতও এসব শিশুর চিকিৎসায় দেবেন তিশা। বিজ্ঞাপনটিও তাঁরা প্রযোজনা করেছেন মানবিক জায়গা থেকেই।

তিশা বলেন, ‘আমি তো আমার জাকাতের টাকা ওদের দেবই। পাশাপাশি ছবিয়াল থেকে আমি এবং ফারুকী এই কাজটাও প্রযোজনা করেছি। পরিচালনা করেছে গোলাম কিবরিয়া ফারুকী। কিছু কিছু কাজ আছে, যেটা প্রফেশনাল জায়গার বাইরে গিয়ে করতে হয়। এটা তেমনই একটা কাজ।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *