ঢাকাই সিনেমার একসময়ের জনপ্রিয় নায়ক অমিত হাসান। নব্বই দশকে বেশ কিছু সফল সিনেমায় নায়কের ভূমিকায় দেখা গেছে। এরপর খলনায়ক চরিত্রে এসেও নিজের দক্ষতার গুণে সাফল্য পেয়েছেন।
জনপ্রিয় এই অভিনেতা নব্বই দশকেই বিয়ে করে নেন। তার স্ত্রীর নাম লাবনী হাসান অনন্যা। দীর্ঘ সময় ধরে তারা সুখে সংসার করে যাচ্ছেন। দুই সন্তানকে বড় করে তুলেছেন। সিনেমা অঙ্গনে অন্যতম সফল দম্পতি তারা।
তাঁদের সংসার ২৫ বছর পেরিয়েছে। এই দীর্ঘ সময়ে তাঁরা সব সময় অনুসরণ করেছেন শাহরুখ খান ও গৌরী খানদের জীবনী। কীভাবে সংসার সুখে হয়, কীভাবে দুজনের মধ্যে বোঝাপড়া তৈরি করে চলতে হয়—এসবই শাহরুখ খানদের কাছ থেকেই শিখেছেন। যে কারণে তাঁরা এখনো নিজেদের দম্পতি মনে করেন। চেষ্টার করেন প্রিয় তারকার মতো জীবনসংসার করে যেতে।
অমিত হাসান বলেন, ‘আমাদের বিয়ের অনেক আগেই শাহরুখ খানদের বিয়ে হয়। তাঁদের একটি স্ট্রাগলিং জীবন ছিল। সেটা ছিল তরুণ-তরুণীদের কাছে অনেক শেখার মতো। আমরা দুজই ছিলাম তাঁদের ভক্ত। বিয়ের পরে তাঁদের আমরা অনুসরণ করতাম। আগে পত্রপত্রিকা দেখতাম, এখন ইন্টারনেটে তাঁদের সাক্ষাৎকার দেখি। তাঁদের জীবনবোধ থেকে অনেক কিছু শেখার আছে। এ কারণে আমাদের পরিচিতজনেরা আমাদের শাহরুখ-গৌরীর মতো ভাবেন।’
স্বামীকে ভালোবাসার পাশাপাশি ঢালিউড সিনেমাকে ভালোবেসে ফেলেছেন লাবনী। স্বামীর কর্মক্ষেত্রকে ভালোবাসেন। অমিত হাসান বলেন, ‘আমার বিয়ের পর থেকে আমার কর্মক্ষেত্রের সহকর্মী, পরিচালক, প্রযোজক সবার সঙ্গে লাবণ্যকে (লাবনী হাসান) পরিচয় করিয়ে দিই। আমি কোন জায়গায় কাজ করি, সেটা জানাতে চেয়েছি। এমনকি আমি যদি কোনো পার্টিতে যাই সেখানেও নিয়ে যাই। তখন আমার স্ত্রী নিজে থেকেই বলে, ওটা খাওয়া যাবে না, ওটা বেশি খাওয়া নিষেধ, আমার চেয়ে সে বেশি সচেতন। তার চাওয়া যেহেতু ফিল্মে কাজ করি সে জন্য আমাকে সব সময় পারফেক্ট শরীরে থাকতে হবে। শাহরুখ খানের স্ত্রী গৌরীর মতো সে–ও আমার সব বিষয়ে সচেতন। এসব কারণে শাহরুখ–গৌরীর সঙ্গে আমাদের তুলনা করা হয়।’
চলচ্চিত্রের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নিলেও তেমন একটা সামনে আসেন না লাবনী হাসান। তবে স্বামীর ভালো কাজের প্রশংসা করেন সব সময়। এ জন্য তিনি ঢালিউডের পরিচালক, অভিনয়শিল্পী, কুশলী সবার কাছে পরিচিত। লাবনী বলেন, ‘আমি জেনেশুনেই নায়ককে বিয়ে করেছি। কারণ, একজন হিরো অনেক নায়িকার সঙ্গে অভিনয় করবেন, দেরি করে বাসায় ফিরবেন, তাকে নিয়ে অনেক কথা থাকবে। এগুলো মেনে চলতে শিখতে হয়েছে। আমাদের দুজনের প্রতি দুজনের বিশ্বাস ও শ্রদ্ধা আছে। সংসারজীবনে আমরা শাহরুখ খান দম্পতির ভক্ত। পরিচিতজনেরা সবাই এটা জানেন। যে কারণে তাঁরা শাহরুখ খানদের সঙ্গে তুলনা করেন।’
