মেট্রোরেলের ভাড়া ৮-৪৮ টাকা করার প্রস্তাব!

রাজধানী ঢাকাবাসীর বহুল প্রত্যাশিত মেট্রোরেল লাইন-৬ এর ভাড়া হতে পারে সর্বনিম্ন ৮ টাকা এবং সর্বোচ্চ ৪৮ টাকা। প্রতি কিলোমিটারে ২ টাকা ৪০ পয়সা হিসাবে এ প্রস্তাব করা হয়েছে।

মেট্রোরেলের ভাড়া নির্ধারণ সংক্রান্ত কমিটি এমন সুপারিশ করেছে। তবে ভাড়া চূড়ান্ত করতে আরও যাচাই-বাছাই করা হবে। এ সংক্রান্ত কমিটি গত ১৬ মার্চ পুনর্গঠন করা হয়েছে। কমিটিতে বিআরটিএ, বিআরটিসি, ডিটিসিএ, ডিএমটিসিএল, বাংলাদেশ রেলওয়ে, সড়ক বিভাগের প্রতিনিধিদের রাখা হয়েছে।

কমিটির প্রস্তাবিত ভাড়া অনুসারে দিয়াবাড়ী থেকে মতিঝিল পর্যন্ত যেতে সর্বোচ্চ ভাড়া দিতে হবে ৪৮ টাকা। দিয়াবাড়ী থেকে আগারগাঁও পর্যন্ত যাত্রীপ্রতি সর্বোচ্চ ভাড়া ২৮ টাকা। আগারগাঁও থেকে কারওয়ান বাজারের ভাড়া সর্বোচ্চ ৮ টাকা। কারওয়ান বাজার থেকে মতিঝিল পর্যন্ত ভাড়া ১২ টাকা। তবে এটা এখনো চূড়ান্ত হয়নি। সময় ও পরিস্থিতি বিবেচনায় কমবেশি যে কোনোটাই হতে পারে।

ভাড়ার হার প্রস্তাবনার ক্ষেত্রে মেট্রোরেল নির্মাণে সরকারি খাত ও বৈদেশিক ঋণের মাসিক ও দৈনিক খরচ, মেট্রোরেল পরিচালন ব্যয়, কর্মীদের বেতন, বিদ্যুৎ বিলসহ বিভিন্ন খাত পর্যালোচনা করেছে কমিটি। সঙ্গে যাত্রী পরিবহনের হিসাবও নিরীক্ষা করা হয়েছে।

সূত্র জানায়, ২০ দশমিক ১ কিলোমিটার দৈর্ঘ্যের মেট্রোরেলে স্টেশন আছে ১৬টি। কোথাও কোথাও এক স্টেশন থেকে অন্য স্টেশনের দূরত্ব ১ কিলোমিটারেরও কম। ফার্মগেট থেকে কারওয়ান বাজার স্টেশনের দূরত্ব পৌনে ১ কিলোমিটারের মতো। এত স্বল্প দূরত্বে কিলোমিটার হিসাবে নয়, বরং পৃথক সর্বনিম্ন ভাড়া থাকা উচিত বলেও মনে করে এ সংক্রান্ত কমিটি। সেক্ষেত্রে সর্বনিম্ন ভাড়া ১০ টাকাও নির্ধারণ হতে পারে বলে জানা গেছে।

এদিকে এই কমিটিতে আরও অভিজ্ঞদের স্থান দেওয়া উচিত বলে মনে করেন এই কমিটির অনেকেই। এর আগে এই কমিটি মেট্রোরেলের ভাড়া নির্ধারণের যে সুপারিশ করেছিল তা এখনো আমলে নেয়নি সরকার। এ জন্য পুনর্গঠিত কমিটি আরও বৈঠক করে পুনরায় ভাড়া সুপারিশ করবে। তারপর যাচাই-বাছাই করে চূড়ান্ত করা হবে মেট্রোরেলের ভাড়া।

সূত্র জানায়, মেট্রোরেল কর্তৃপক্ষ ভাড়া নির্ধারণ কমিটির সভায় যে হিসাব দিয়েছে তাতে প্রতি মাসে পরিচালন ব্যয় হবে ৬৯ কোটি ৯১ লাখ টাকা। দৈনিক ব্যয় হবে দুই কোটি ৩৩ লাখ টাকা। এর মধ্যে দুই কোটি টাকার বেশি যাবে শুধু জাইকার ঋণ ও সরকারের ব্যয় পরিশোধে। দৈনিক বৈদেশিক ঋণ বাবদ যাবে এক কোটি ৫৩ লাখ টাকা। সরকারের ব্যয় জোগাতে ৪৯ লাখ টাকা লাগবে দিনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *