দেশের বাইরে গেলে বিমানে বাংলা সিনেমা দেখি: প্রধানমন্ত্রী

নিজেকে সিনেমাপ্রেমী আখ্যা দিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি জানান, আকাশ পথে চলাচলের সময় প্রায়ই বাংলা সিনেমা দেখেন। এমনকি কেউ তার কাছে চলচ্চিত্র পাঠালে তিনি সেটা আগ্রহসহকারে দেখেন।

আজ বুধবার (২৩ মার্চ) বেলা সাড়ে ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে চলা জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি কথাগুলো বলেন। তিনি অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে গণভবন থেকে ভার্চুয়ালি যুক্ত হোন।

তার ভাষ্য, ‘প্লেনে করে দেশের বাইরে গেলে দেশি সিনেমা দেখি। প্রোডাকশনগুলো খুব ভালো লাগে। কেউ যদি পেনড্রাইভে ছবি পাঠান সেটাও দেখি। ভালোই লাগে সিনেমা দেখতে। আমাদের দেশে সুপ্ত প্রতিভা আছে। তাদের কাজ দেখে মুগ্ধ হই।’

প্রধানমন্ত্রী মনে করেন, চলচ্চিত্রে জীবন দর্শন প্রকাশ পায়। ইতিহাসের বার্তাবাহক চলচ্চিত্র। তাই বিনোদনের সাথে শিক্ষামূলক নির্মাণে উৎসাহ দেন তিনি।

এসময় তিনি অসহায় শিল্পীদের জন্য কল্যাণ তহবিল নিয়ে কথা বলেন। তিনি বলেন, ‘শিল্পী-কলাকুশলীরা জন্য একটা ট্রাস্ট করে দিয়েছি। যারা বিত্তবান আছেন তারা এই ফান্ডে সাহায্য করবেন। আমি আহব্বান জানাচ্ছি।’

জাতীয় চলচ্চিত্র পুরস্কার-২০২০-এর আজীবন সম্মাননা যুগ্মভাবে পেয়েছেন আনোয়ারা বেগম ও রাইসুল ইসলাম আসাদ। তাদের হাতে পুরস্কার তুলে দেয়ার মাধ্যমে শুরু হয় এবারের আসরের পুরস্কার প্রদান। পুরস্কার দেয়ার আগে তাদের নিয়ে তথ্যচিত্র প্রদর্শন করা হয়।

পুরস্কার দেয়ার আগে মঞ্চে কথা বলেন তথ্যসচিব মকবুল হোসেন, জাতীয় সংসদের তথ্যবিষয়ক স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু এবং তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *