নিলাম শুরু, ইভ্যালির এক গাড়ির দাম উঠেছে ১ কোটি ৭২ লাখ

আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সাতটি গাড়ির নিলাম শুরু করেছে আদালত গঠিত বোর্ড সদস্যরা। বৃহস্পতিবার (১০ ফেব্রুয়ারি) দুপুর পৌনে ১২টার দিকে রাজধানীর ধানমন্ডির ১৪ নম্বর সড়কের ৩ নম্বর বাড়ির ভিক্টোরিয়া কনভেনশন সেন্টারে এ নিলাম শুরু হয়েছে।

নিলামের তালিকায় থাকা ৭টি গাড়ি হল- একটি রেঞ্জ রোভার, একটি টয়োটা প্রিয়াস, একটি টয়োটা সিএইচআর, দুটি টয়োটা এক্সিও, একটি হোন্ডা ভেজেল, একটি টয়োটা মাইক্রোবাস।

নিলামের শুরুতে রেঞ্জ রোভারের ন্যূনতম নিলাম দর এক কোটি ৬০ লাখ টাকা ধরা হয়েছে। টয়োটা প্রিয়াসের ন্যূনতম দর ১৩ লাখ ৫০ হাজার টাকা, টয়োটা সিএইচআর দর ১৮ লাখ টাকা, টয়োটা এক্সিওর দর ৯ লাখ ১৮ হাজার, হোন্ডা ভেজেলের দর ১৬ লাখ ও টয়োটা মাইক্রোবাসের ন্যূনতম দর ১২ লাখ টাকা ধরা হয়েছে।

তবে নিলাম চলার সময়ে এখন পর্যন্ত ইভ্যালির রেঞ্জ রোভার গাড়ির দাম উঠেছে ১ কোটি ৭২ লাখ টাকা (এ রিপোর্ট লেখা পর্যন্ত সময়ে)।

এর আগে গত ৩ ফেব্রুয়ারি কোটি টাকা মূল্যের রেঞ্জ রোভারসহ সাতটি গাড়ি বিক্রির জন্য বিজ্ঞপ্তি দেয় ইভ্যালির বর্তমান পরিচালনা পর্ষদ। গাড়িগুলোর সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ২ কোটি ৩৭ লাখ ৮৬ হাজার টাকা। বেশিরভাগ গাড়িই জিপ।

প্রতারণার মাধ্যমে গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মো. রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামীমা নাসরিনের বিরুদ্ধে একাধিক মামলা হয়েছে। গত বছরের ১৬ সেপ্টেম্বর রাজধানীর মোহাম্মদপুরের বাসা থেকে রাসেল ও শামীমাকে গ্রেফতার করা হয়। এরপর থেকে তারা কারাগারে রয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *