হাইকোর্টের আদেশের বিরুদ্ধে আপিল করলেন নিপুণ

চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে আপিল বোর্ডের দেয়া সিদ্ধান্ত স্থগিত করে হাইকোর্ট যে আদেশ দিয়েছে, তার বিরুদ্ধে আপিল করছেন চিত্রনায়িকা নিপুণ।

মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে এ আপিল দায়ের করা হয়েছে বলে জানিয়েছেন নিপুণের আইনজীবী ব্যারিস্টার মোস্তাফিজুর রহমান খান।

তিনি বলেন, আমরা আপিল বিভাগে আবেদন করেছি। আপিল বিভাগের সংশ্লিষ্ট বেঞ্চে এ বিষয়ে শুনানি হবে।

এর আগে সোমবার দুপুরে জায়েদ খানের প্রার্থিতা বাতিল করে চলচ্চিত্র শিল্পী সমিতি নির্বাচনের আপিল বোর্ডের দেওয়া সিদ্ধান্ত স্থগিত করেন হাইকোর্ট। একইসঙ্গে প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত। আগামী ১৫ ফেব্রুয়ারি রুল শুনানির দিন ধার্য করা হয়েছে। বিচারপতি মামনুন রহমান ও বিচারপতি খোন্দকার দিলীরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে জায়েদ খানের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, অ্যাডভোকেট নাহিদ সুলতানা যুথি। চিত্রনায়িকা নিপুণের পক্ষে ছিলেন ব্যারিস্টার রোকন উদ্দিন মাহমুদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার ও সহকারী অ্যাটর্নি জেনারেল সেলিম আজাদ।

পরে অ্যাডভোকেট আহসানুল করিম বলেন, আদালত জায়েদ খানের প্রার্থিতা বাতিলের সিদ্ধান্ত স্থগিত করেছেন। এছাড়া সমাজকল্যাণ মন্ত্রণালয়ের চিঠির কার্যকারিতা স্থগিত করা হয়েছে। পাশাপাশি জায়েদ খানকে সাধারণ সম্পাদক হিসেবে তার কার্যক্রম চালিয়ে যেতে বলেছেন আদালত।

এ আদেশের ফলে রুল নিষ্পত্তি হওয়ার আগ পর্যন্ত জায়েদ খানই চলচ্চিত্র শিল্পী সমিতির সাধারণ সম্পাদক থাকবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *