ঢাকা- ঢাকা নগর পরিবহনের নতুন তিনটি রুট ঘোষণা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র শেখ ফজলে নূর তাপস।
সোমবার বেলা ৩টায় নগর ভবনের বুড়িগঙ্গা হলে বাস রুট রেশনালাইজেশন কমিটির ২১তম সভায় এ ঘোষণা দেয়া হয়েছে। ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র আতিকুল ইসলাম ভার্চুয়াল মাধ্যমে সভায় সংযুক্ত ছিলেন।
সভা শেষে গণমাধ্যমকে এই নতুন তিন রুট সম্পর্কে জানানো হয়।
ডিএসসিসি মেয়র শেখ তাপস বলেন, ‘রাজধানীতে গণপরিবহনের শৃঙ্খলা ফেরাতে আমরা ইতোমধ্যে ঘাটরচর থেকে কাঁচপুর পর্যন্ত একটি রুটে ঢাকা নগর পরিবহন চালু করেছি। এতে দারুণ সাড়াও মিলেছে। এই প্রেক্ষাপটে আমরা আজকের সভায় সিদ্ধান্ত নিয়েছি— আরও তিনটি রুটে শিগগিরই কীভাবে নগর পরিবহন চালু করা যায়, সে বিষয়ে কাজ করবো।’
তিনি বলেন, ‘আমরা যে তিনটি রুটে নগর পরিবহন চালু করতে যাচ্ছি সেগুলো হলো— সবুজগুচ্ছের আওতায় ২২ নম্বর ঘাটারচর থেকে ফার্মগেট হয়ে ভুলতা, ২৩ নম্বর রুটে ঘাটারচর থেকে সায়েন্সল্যাব হয়ে মেঘনা ঘাট এবং ২৬ নম্বর রুটে ঘাটারচর থেকে কাকরাইল হয়ে নারায়ণগঞ্জ। এই তিনটি রুটে নগর পরিবহন চালু করতে শিগগিরই কার্যক্রম শুরু হবে।’
উল্লেখ্য, গত ২৬ ডিসেম্বর ঘাটারচর থেকে বসিলা হয়ে কাঁচপুর ২১ নম্বর রুটে নগর পরিবহন চালু করে বাস রুট রেশনালাইজেশন কমিটি। চালু হওয়া ওই রুটে এখনও যাত্রীর তুলনায় বাস কম রয়েছে বলে অভিযোগ রয়েছে।
এ প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে মেয়র বলেন, ‘শিগগিরই আরও ৬৫টি বাস নামবে। এতে সংকট দূর হবে। তাছাড়া যাত্রীদের সেবার উদ্দেশেই যেহেতু এ প্রকল্প, তাই যেকোনও মূল্যে সমস্যার সমাধান করা হবে। সেই সঙ্গে ওই রুটে যাত্রী ছাউনিও দ্রুত বাস্তবায়ন করা হচ্ছে।’
