রাজিব মজুমদার, মীরসরাই (চট্টগ্রাম) প্রতিনিধি- মীরসরাইয়ে বঙ্গবন্ধু শিল্পনগর সংলগ্ন ইছাখালী ইউনিয়নের আসাদ আলী ক্বারী সড়কে ইছাখালী খালের ওপর নির্মিত ৮১ মিটার দীর্ঘতম সেতুর শুভ উদ্বোধন করা হয়েছে।
সোমবার (৭ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় ফিতা কেটে উক্ত সেতুর উদ্বোধন করেন সাবেক মন্ত্রী, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
বৃহত্তর চট্টগ্রাম পল্লী অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এর বাস্তবায়নে ২০১৮-১৯ অর্থবছরে ৪ কোটি ২ লক্ষ ১৭ হাজার টাকা ব্যয়ে ইছাখালী খালের ওপর নির্মিত হয় এই সেতু।
দীর্ঘতম সেতুর উদ্বোধন শেষে আলোচনা অনুষ্ঠানে ইছাখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল মোস্তফার সভাপতিত্বে এবং ইছাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মেজবা উল আলম এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এমপি।
তিনি বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রীর উন্নয়নের ধারাবাহিকতায় মীরসরাইয়ে গড়ে উঠছে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বড় বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগর। এটি প্রতিষ্ঠা হলে লাখ লাখ মানুষের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে দেশের বড় বড় শিল্পগোষ্ঠি কারখানা নির্মাণ কাজ শুরু করেছে। শীঘ্রই উৎপাদনে যাচ্ছে বেশ কিছু শিল্প প্রতিষ্ঠান।’
তিনি আরো বলেন, ‘শিল্পনগর সংলগ্ন এলাকায় ইছাখালী খালের ওপর নির্মিত সেতু শুভ উদ্বোধনের মাধ্যমে রচিত হলো ইছাখালী, কাটাছরা ও মিঠানালা ইউনিয়নের মানুষের সেতুবন্ধন। ফলে এই সেতু উপজেলার ৩ ইউনিয়নের ২০ হাজার মানুষের যোগাযোগ, কৃষি পণ্য সরবরাহ, শিল্প ও আত্ম সামাজিক উন্নয়নে অবদান রাখবে। এছাড়াও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল হয়েছে। কোন ষড়যন্ত্র বাংলাদেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে পারবেনা বলে তিনি মন্তব্য করেন। ’
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আইটি বিশেষজ্ঞ মাহবুব রহমান রুহেল, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব জসীম উদ্দিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিনহাজুর রহমান, চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শেখ আতাউর রহমান, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক এনায়েত হোসেন নয়ন, উপজেলা নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ কামরুজ্জামান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া, মীরসরাই পৌরমেয়র এম গিয়াস উদ্দিন, বারইয়ারহাট পৌরমেয়র রেজাউল করিম খোকন, কাটাছরা ইউপি চেয়ারম্যান রেজাউল করিম চৌধুরী হুমায়ুন, মিঠানালা ইউপি চেয়ারম্যান এম এ কাশেম, মঘাদিয়া ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর হোসাইন মাষ্টার, ইছাখালী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি কাশেম ভূইয়া, এমপি’র দৌহিত্র দারিউস রহমান, উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি মাইনুর ইসলাম রানা, সাধারণ সম্পাদক ইব্রাহিম খলিল ভূঁইয়া, চট্টগ্রাম উত্তরজেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হোসেন তপু প্রমুখ।
