শিল্পী সমিতির চেয়ারে বসলেন ইলিয়াস কাঞ্চন ও নিপুণ

দুই মেয়াদে গত চার বছর ধরে এই চেয়ার দুটি ছিল মিশা সওদাগর ও জায়েদ খানের দখলে। অবশেষে এলো পরিবর্তন। এবার বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যালয়ের মূল দুটি চেয়ারে বসলেন নতুন নির্বাচিত সভাপতি ইলিয়াস কাঞ্চন ও সাধারণ সম্পাদক নিপুণ আক্তার।

রোববার (৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় শপথ গ্রহণ করেন কাঞ্চন ও নিপুণ। প্রথমে ইলিয়াস কাঞ্চনকে শপথবাক্য পাঠ করান প্রাক্তন সভাপতি মিশা সওদাগর। এরপর অন্যান্য পদে বিজয়ীদের শপথ পাঠ করান সভাপতি কাঞ্চন।

শপথগ্রহণ অনুষ্ঠান শেষে সমিতির কার্যালয়ে কাঞ্চন-নিপুণকে ফুলের মালা দিয়ে বরণ করে নেন মিশা সওদাগর। এরপর তারা নির্ধারিত আসন গ্রহণ করেন এবং হাস্যোজ্বল মুখে ক্যামেরাবন্দি হন।

এর আগে শনিবার (৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২২-২৪ মেয়াদের নির্বাচনে চিত্রনায়ক জায়েদ খানের প্রার্থিতা বাতিল করা হয়। তাই সাধারণ সম্পাদক পদে জয় পেলেও চেয়ারে বসতে পারলেন না এই নায়ক। এফডিসিতে এই সিদ্ধান্তের কথা জানান নির্বাচনের আপিল বোর্ডের চেয়ারম্যান, চলচ্চিত্র নির্মাতা সোহানুর রহমান সোহান।

তার আগে গত ২৮ জানুয়ারি অনুষ্ঠিত হয়েছিল শিল্পী সমিতির নির্বাচন। সেখানে সাধারণ সম্পাদক পদে জয়লাভ করেন জায়েদ খান। তবে তার প্রতিদ্বন্দ্বী প্রার্থী নায়িকা নিপুণ অভিযোগ তোলেন, নির্বাচনে দুর্নীতি করেছেন জায়েদ। টাকা দিয়ে ভোটও নাকি কিনেছেন।

এসব অভিযোগ নিয়ে সাংবাদিক সম্মেলনও করেছিলেন নিপুণ। লিখিত অভিযোগ জানান নির্বাচনের আপিল বোর্ডের কাছেও। এর পরই বোর্ডকে বিষয়টির সুরাহা করার দায়িত্ব দেয় সমাজকল্যাণ মন্ত্রণালয়। এ জন্য শনিবার বিকেলে বৈঠক ডাকে আপিল বোর্ড। এতে নিপুণ অংশ নিলেও জায়েদ ছিলেন অনুপস্থিত।

তার অনুপস্থিতিতেই সোহানুর রহমান সোহান ঘোষণা করেন, শিল্পী সমিতির সাধারণ সম্পাদক হিসেবে জায়েদ খান থাকছেন না। নির্বাচনে অনিয়ম করার অভিযোগে তার প্রার্থিতা বাতিল করা হয়েছে। তার পরিবর্তে অপর প্রার্থী নিপুণ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন।

একনজরে বিজয়ীর তালিকা ও প্রাপ্ত ভোট:

সভাপতি- ইলিয়াস কাঞ্চন (১৯১)

সহ-সভাপতি- ডিপজল (২১৯) ও রুবেল (১৯১)

সাধারণ সম্পাদক- নিপুণ (১৬৩)

সহ-সাধারণ সম্পাদক- সাইমন সাদিক (২১২)

সাংগঠনিক সম্পাদক- শাহানূর (১৮৪)

আন্তর্জাতিক সম্পাদক- জয় চৌধুরী (২০৫)

দফতর ও প্রচার সম্পাদক- আরমান (২৩২)

সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক- ইমন (২০৩)

কোষাধ্যক্ষ- আজাদ খান (১৯৩)

কার্যকরী পরিষদ- রোজিনা (১৮৫), মৌসুমী (২২৫), কেয়া (২১২), জেসমিন (২০৮), অঞ্জনা (২২৫), অমিত হাসান (২২৭), আলিরাজ (২০৩), সুচরিতা (২০১), ফেরদৌস (২৪০), অরুণা বিশ্বাস (১৯২) ও নাদির খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *