সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় কক্সবাজারের টেকনাফের বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের বরখাস্ত হওয়া পরিদর্শক লিয়াকত আলী এবং টেকনাফ থানার বরখাস্ত হওয়া ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে রায়ে ছয়জনের যাবজ্জীবন কারাদণ্ড এবং সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে।
এই রায়ে সন্তোষ প্রকাশ করেছেন মামলার বাদী নিহত সিনহার বোন শারমিন শাহরিয়ার ফেরদৌস। তিনি বলেন, প্রদীপ-লিয়াকতের মৃত্যুদণ্ডে আমাদের প্রত্যাশা পূরণ হয়েছে। তবে সাতজনকে বেকসুর খালাস দেওয়া হয়েছে। তাদের যে একদমই সংশ্লিষ্টতা নেই তা কিন্তু নয়। তাদের কিছুটা হলেও সাজা হতে পারত। আর সন্তুষ্ট তো সেদিনই হব, যেদিন প্রদীপ আর লিয়াকতের মৃত্যুদণ্ড কার্যকর হবে।
সাতজনের খালাসের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন কিনা এমন প্রশ্নের জবাবে শারমিন শাহরিয়া ফেরদৌস বলেন, ওই বিষয়টা আইনজীবীর সঙ্গে আলাপ করে তারপর চিন্তা করে সিদ্ধান্ত নেব।
এ মামলায় তদন্ত সংস্থা এবং প্রসিকিউশসনের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে তিনি বলেন, দেশে যে আইনের শাসন আছে তাতে মানুষ আশাবাদী হবে। প্রধান দুই আসামির এমন শাস্তি না হলে আমরা অবাক হতাম। আদালত চুলচেরা বিশ্লেষণ করে রায় দিয়েছেন। আমাদের প্রত্যাশা অনেকখানি পূরণ হয়েছে, সন্তুষ্টির জায়গাটা সেদিন বলব যেদিন এটা কার্যকর হবে।
রায়ের প্রতিক্রিয়ায় রাষ্ট্রপক্ষের আইনজীবী ফরিদুল আলমও সাত আসামির খালাসে অসন্তুষ্টি জানিয়েছেন।
২০২০ সালের ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের বাহারছড়া ইউনিয়নের শামলাপুরে এপিবিএন চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
এ ঘটনায় মামলা করেন সিনহার বোন শারমিন। আসামি করা হয় বাহারছড়া পুলিশ তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক লিয়াকত আলী, টেকনাফ থানার বরখাস্তকৃত ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, এসআই নন্দ দুলাল রক্ষিতসহ ১৫ জনকে।
মামলা রায়ে সোমবার মৃত্যুদণ্ড দেয়া হয় লিয়াকত ও প্রদীপকে। যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে এসআই নন্দ দুলাল রক্ষিত, কনস্টেবল সাগর দেব, রুবেল শর্মা, নুরুল আমিন, নিয়াজ উদ্দিন ও আয়াজ উদ্দিনকে।
আর মামলা থেকে খালাস দেয়া হয়েছে এপিবিএনের এসআই মো. শাহজাহান, কনস্টেবল রাজীব ও কনস্টেবল মো. আব্দুল্লাহ এবং থানা পুলিশের কনস্টেবল সাফানুর করিম, কামাল হোসেন, আব্দুল্লাহ আল মামুন ও লিটন মিয়াকে।
তিনি বলেন, ‘এ রায়ে আমরা আংশিক সন্তুষ্ট। কারণ যে সাতজনকে খালাস দেয়া হয়েছে তাদের বেশির ভাগই যাবজ্জীবন যাদের হয়েছে, তাদের সম-অপরাধী। তাই এ বিষয়ে আমরা সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করব।’
