বিনোদন ডেস্ক- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে তথ্য প্রতিমন্ত্রী ডা. মুরাদ হাসানের একটি ফোনালাপ ও একটি ভিডিও সাক্ষাৎকার। একটিতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমানের মেয়ে জাইমা রহমানকে নিয়ে মন্তব্য করেছেন। আর ফোনালাপে চিত্রনায়িকা মাহিয়া মাহির সঙ্গে অশালীন ভাষায় কথা বলেছেন।
যেগুলো মেনে নিতে পারেনি নেটিজেনদের অনেকেই। শোবিজ দুনিয়ার অনেকেই তথ্য প্রতিমন্ত্রীর এ ধরনের আচরণে ক্ষোভ প্রকাশ করেছেন। এবার নির্মাতা মোস্তফা সরয়ার ফারুকী নিজের ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। তার মন্ত্রিত্ব থাকা নিয়েও প্রশ্ন তুলেছেন আন্তর্জাতিক চলচ্চিত্রাঙ্গনেও সুপরিচিত এই নির্মাতা।
মোস্তফা সরয়ার ফারুকী সোমবার (০৬ ডিসেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘আগের দিন দেখলাম প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার নাতনিকে নিয়ে অশ্লীলতম ভাষায় প্রজাতন্ত্রের একজন চাকর কথা বললেন।
‘তার পরদিন সেই একই লোক এক অনুষ্ঠানে গিয়ে পুলিশ ভাইদের নসিহত করলেন যাতে তারা কারও সঙ্গে ব্যবহার খারাপ না করেন। তার পরদিন শুনলাম উনি রে প করার থ্রেট দিচ্ছেন কাউকে। এখন আপনারাই বলেন, এমন দেশটি কোথায় খুঁজে পাবেন?’
ক্ষুব্ধ ফারুকী লেখেন, ‘এইসব দেখিয়া শুনিয়া একজন নাগরিক হিসাবে আমি যার পর নাই ক্ষুব্ধ। ’
খ্যাতিমান এ নির্মাতা মনে করছেন, মন্ত্রিসভার অন্য সদস্যরা এখন মুরাদের সঙ্গে এক টেবিলে বসতে লজ্জা বোধ করবেন।
তিনি লেখেন, ‘এই ছোট্ট জীবনে আমার সুযোগ হইছে দুয়েকজন মন্ত্রী দেখার। আমি বিশ্বাস করি তারা কেউই চাইবেন না এই লোক তাদের বিজ্ঞাপন হয়ে উঠুক।’
