বাংলা সিনেমার নন্দিত নায়িকা শাবনূর। ‘স্বপ্নের ঠিকানা’, ‘স্বপ্নের পৃথিবী’, ‘তোমাকে চাই’, ‘আনন্দ অশ্রু’, ‘নিঃশ্বাসে তুমি বিশ্বাসে তুমি’, ‘দুই নয়নের আলো’সহ বেশ কিছু দর্শকপ্রিয় সিনেমা উপহার দিয়েছেন তিনি। দীর্ঘদিন চলচ্চিত্র থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সরব এই নায়িকা।
সোমবার (৮ নভেম্বর) শাবনূর ফেইসবুকে নিজের একটি ছবি পোস্ট করেছেন। ক্যাপশনে লিখেছেন: ‘ছোট্ট এই জীবন আমাদের নিমেষেই ফুরিয়ে যাবে। তাই প্রতিটি ক্ষণ, প্রতিটি মুহূর্ত উপভোগ করো নিজের মতো করে। পজিটিভ হও তাহলে সমস্ত কিছুতেই আনন্দ খুঁজে পাবে।’
বর্তমানে ছেলে আইজান নেহানকে নিয়ে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন শাবনূর। সর্বশেষ তাকে ২০১৮ সালে ‘পাগল মানুষ’ সিনেমায় দেখা গেছে।
শোনা যাচ্ছে, শিগগিরই তিনি দেশে ফিরবেন। আগামী ১৭ ডিসেম্বর তার জন্মদিন। এই বিশেষ দিনটি দেশে ফিরে কাছের মানুষদের নিয়ে উদযাপন করবেন তিনি।
শুধু তাই নয়, দেশে ফিরে আবারও সিনেমায় কাজ করতে পারেন শাবনূর। এজন্য নাকি অস্ট্রেলিয়ায় নিয়মিত জিম করছেন। ফিটনেস ঠিক করার চেষ্টায় মগ্ন আছেন। যদিও বিষয়টি নিয়ে নিশ্চিত করে কিছু বলেননি তিনি।
