ওমরাহ পালন করতে যাচ্ছেন নায়িকা মাহি

mahi

বিনোদন ডেস্ক- ঢাকাই চলচ্চিত্রের বর্তমান সময়ের চিত্রনায়িকা মাহিয়া মাহি। সম্প্রতি তিনি দ্বিতীয়বারের মতো ঘর বেঁধেছেন। বর গাজীপুরের তরুণ রাজনীতিক-ব্যবসায়ী রাকিব।

 

বিয়ের পর থেকেই বরের কাছ থেকে একটার পর একটা সারপ্রাইজ পাচ্ছেন এই নায়িকা। বিভিন্ন সময় সোশ্যাল মিডিয়ায় সে কথা বলেছেন তিনি। এবার স্বামীসহ ওমরাহ করতে যাচ্ছেন বলে জানান মাহি।

 

মাহি বলেন, ‘চলতি মাসেই ওমরাহ করতে যাচ্ছি। এ জন্য শুটিং শিডিউল রাখছি না। হাতের কাজগুলোও দ্রুত শেষ করছি। এর আগে কখনও পবিত্র মক্কা শরীফে যাওয়া হয়নি। প্রথমবারের মতো যাচ্ছি, অনুভূতিটা ঠিক ভাষায় প্রকাশ করতে পারছি না। সবার কাছে দোয়া চাই যেন সহি সালামতে ওমরাহ পালন করতে পারি।’

 

জানা যায়, বর্তমানে ইফতেখার চৌধুরীর পরিচালনায় ‘ড্রাইভার’ ছবির কাজ করছেন তিনি। চলতি লট শেষ করে কিছুদিনের বিরতিতে সৌদি যাবেন। এরপর ওমরাহ পালন শেষে আবারও শুটিংয়ে ফিরবেন মাহি।

 

‘ড্রাইভার’ ছবিতে গাড়িচালক হিসেবে আছেন অভিনেতা মোশাররফ করিম। মূলত তাকে নিয়েই এর গল্প। এতে যাত্রী হিসেবে দেখা যাবে মাহিকে। আরও অভিনয় করেছেন আব্দুন নূর সজল।

 

এছাড়াও মাহি ‘গ্যাংস্টার’ নামের একটি ওয়েব ফিল্মের ডাবিং করছেন। এর বাইরে চলতি নভেম্বরে আর কোনও কাজে তাকে না পাওয়ার সম্ভাবনাই বেশি বলে জানালেন এ তারকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *