নজর২৪, ঢাকা- পাওনা আদায়সহ ১০ দফা দাবিতে বিক্ষোভ করার পর রাস্তা অবরোধ করতে গিয়ে পুলিশের লাঠি চার্জের মুখে পড়েছে আলোচিত ই-কমার্স প্রতিষ্ঠান ই-অরেঞ্জ গ্রাহকেরা।
প্রায় ৩০০ গ্রাহক জাতীয় প্রেস ক্লাবে বৃহস্পতিবার সকাল ১০ টায় বিক্ষোভ ও মানববন্ধন শুরু করে। দুপুর ১২টায় বিক্ষোভ মৎস্য ভবনের দিকে আগালে পুলিশ বাধা দেয় এবং লাঠিচার্জ করে। এ সময় অন্তত ১০ জন আহত হন। পরে ঘটনাস্থল থেকে ৩ জনকে থানায় নেওয়া হয়েছে।
ডিএমপির রমনা বিভাগের উপ-কমিশনার (ডিসি) সাজ্জাদুর রহমান বলেন, আজ বৃহস্পতিবার, সপ্তাহের শেষ কার্যদিবস। এমনিতেই যানবাহনের চাপ বেশি ছিল। এরমধ্যে তারা সড়ক অবরোধ করেছিল। আমরা তাদের সড়ক থেকে সরিয়ে দেই।
জিজ্ঞাসাবাদের জন্য ২/৩ জনকে থানায় নেওয়া হয়েছে বলেও জানান এই কর্মকর্তা।

তবে ভিন্ন কথা বলছেন ই-অরেঞ্জের গ্রাহকেরা। কামরুজ্জামান নামে এক গ্রাহক বলেন, ‘আমরা প্রেস ক্লাবের বিক্ষোভ শেষে শান্তিপূর্ণভাবে আগাতে থাকি। কোনোরকম কথা না বলেই পুলিশ আমাদের ওপর লাঠি চার্জ করে।’
আন্দোলনকারীরা জানান, মিছিলে পুলিশের লাঠিচার্জে তাদের অন্তত ১০ জন আহত হয়েছেন। পরে পুলিশ তাদের কয়েকজনকে আটক করে।
এ বিষয়ে ই-অরেঞ্জ ভুক্তভোগী কেন্দ্রীয় কমিটির আহ্বায়ক আফজাল হোসেন বলেন, পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে হামলা করেছে। আমাদের ১০ জন এতে আহত হয়েছে। আটক করা হয়েছে কয়েকজনকে। আমরা নতুন করে কর্মসূচি দেবো। নিরীহ মানুষের ওপর পুলিশ কেন হামলা করবে, আমরা তো শান্তিপূর্ণ কর্মসূচি পালন করছিলাম। আমরা আবারও শাহবাগে একত্রিত হবো।
