Home প্রধান খবর ইভ্যালির এমডি রাসেলের আরও ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

ইভ্যালির এমডি রাসেলের আরও ৫ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ

0
72
evaly n

নজর২৪ ডেস্ক- গ্রাহকের প্রতারণার মামলায় গ্রেফতার ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের নতুন করে পাঁচ দিনের রিমান্ড চেয়েছে পুলিশ।

 

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ধানমন্ডি জোন) সহকারী কমিশনার আবদুল্লাহ আল মাসুম গণমাধ্যমকে খবরটি নিশ্চিত করেছেন।

 

বুধবার মুজাহিদুর রহমান নামক একজন গ্রাহক সর্বশেষ ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে আরেকটি মামলা দায়ের করেছেন। সম্পূর্ণ মূল্য পরিশোধ করা সত্ত্বেও ইভ্যালি থেকে অর্ডারকৃত একটি শীতাতপ নিয়ন্ত্রণকারী যন্ত্র না পাওয়ায় তিনি এ মামলা করেন।

 

মামলাটি গ্রহণ করে আদালত ধানমন্ডি থানায় এটিকে ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট (এফআইআর) হিসেবে দায়ের করতে বলেছে।

 

ধানমন্ডি মডেল থানায় দায়ের করা মামলায় একদিনের রিমান্ড শেষে আজ (বৃহস্পতিবার) রাসেলকে আদালতে হাজির করা হয়। তার স্ত্রী শামীমাকে কারাগারে পাঠানো হয়েছে।

 

আগের দিনের জিজ্ঞাসাবাদে মোহাম্মদ রাসেল পুলিশকে বলেন, দ্রুত মুক্তি পেলে গ্রাহক ও মার্চেন্টদের প্রায় ৯৫০ কোটি টাকার দেনা পরিশোধ করতে পারবেন।

 

দেশের বাইরে কোনো অর্থপাচার করেননি বলেও দাবি করেছেন রাসেল। এছাড়া মামলায় প্রাণনাশের যে হুমকির অভিযোগ করা হয়েছে তা অস্বীকার করেছেন ইভ্যালীর ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মোহাম্মদ রাসেল।

 

এদিকে ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির সব ধরনের সম্পত্তি বিক্রি বা হস্তান্তরে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট।

 

এর আগে, গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে গুলশান থানায় দায়ের করা একটি মামলায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) গত ১৬ সেপ্টেম্বর রাসেল ও শামীমাকে গ্রেপ্তার করে।

 

পরে ১৮ সেপ্টেম্বরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলাম প্রাথমিকভাবে এই দম্পতির তিন দিনের পুলিশ রিমান্ড মঞ্জুর করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here