ঢাবিতে ছাত্রদলের মিছিলে ছাত্রলীগের ‘বাইক হামলা’, আহত ১০

নজর২৪, ঢাকা- ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে ছাত্রদলের বিক্ষোভ মিছিলে ছাত্রলীগের নেতাকর্মীরা ‘বাইক হামলা’ চালিয়েছে বলে অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা। হামলায় ছাত্রদলের বেশ কিছু নেতাকর্মী আহত হয়েছেন। এরমধ্যে অন্তত ১০ নেতাকর্মী ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বর্তমানে চিকিৎসা নিচ্ছেন।

 

রোববার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শামসুন নাহার হলের পাশে মিশুক-মনির চত্বরের সামনে হামলা হয়েছে বলে দাবি ছাত্রদল কর্মীদের।

 

ছাত্রদলের নেতা-কর্মীরা জানান, তাদের কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও সহসাংগঠনিক সম্পাদক মশিউর রহমান রনিকে গ্রেপ্তারের প্রতিবাদ ও তাদের মুক্তির দাবিতে রোববার সকাল ১০টায় শহীদ মিনার থেকে মিছিল শুরু করে।

 

ছাত্রদল নেতা আবিদুল ইসলাম খান বলেন, ‘আমরা মিছিল নিয়ে মিশুক-মনির চত্বরের সামনে আসলে ছাত্রলীগের নেতা-কর্মীরা হেলমেট পরে বাইকে করে লাঠিসোটা হাতে সামনে থেকে মিছিলে ঢুকে পড়ে। তাদের হামলা এতোই অতর্কিত ছিল যে, আমরা তাদের কারও চেহারা দেখারই সুযোগ পাইনি।’

 

ছাত্রলীগের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন বলেন, ‘নৈরাজ্যবাদী কর্মকাণ্ডের মাধ্যমে যারা রাজনীতি পরিচালনা করে, মুক্তিযুদ্ধের ইতিহাসকে যারা বিকৃত করতে চায়, তাদের বিরুদ্ধে সাধারণ শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তুলতে গণতান্ত্রিক প্রতিবাদ জানাবে এটাই স্বাভাবিক।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *