বিনোদন ডেস্ক- ঢাকা- ‘আপনারা জামিন চান না কেন? আমি তো পাগল হয়ে যাচ্ছি। আপনারা আমার জামিন চান, আপনারা আমার সঙ্গে কি কথা বলবেন? আমি তো পাগল হয়ে যাবো, আপনারা বুঝতেছেন আমার কী কষ্ট হচ্ছে? সিনিয়র আইনজীবী কই, তিনি আসলেন না কেন? ‘
আদালতে শুনানি শেষে ঢাকাই ছবির আলোচিত নায়িকা পরীমণি তার আইনজীবীর নীলাঞ্জনা রিফাত সৌরভীসহ আরও অন্যান্যদের এ কথা বলেন।
রাজধানীর বনানী থানায় দায়ের করা মাদক মামলায় চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত। ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আশেক ইমাম শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র এ তথ্য নিশ্চিত করেছেন।
বেলা ১১টা ৪৯ মিনিটে তাকে ঢাকা মহানগর হাকিম আশেক ইমামের আদালতে হাজির করা হয়। এসময় মামলার তদন্তকারী কর্মকর্তা তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন। অন্যদিকে পরীমনির আইনজীবীরা তার সঙ্গে কথা বলার অনুমতি চেয়ে আদালতে আবেদন করেন। এরপর বিচারক আবেদনটি শুনে আদেশ পরে দেবেন বলে জানান। বিচারক এজলাস ত্যাগ করলে পরীমনি আইনজীবীদের উদ্দেশ্যে এসব কথা বলেন। এরপর বিচারক দেখা করার আবেদন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম পরীমনির একদিনের রিমান্ড মঞ্জুর করেন। গত ১৩ আগস্ট ছয়দিনের রিমান্ড শেষে পরীমনি ও তার সহযোগী দিপুকে আদালতে হাজির করা হয়েছিল। এরপর মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন সিআইডির পরিদর্শক গোলাম মোস্তফা।
এ সময় আসামিপক্ষে তাদের আইনজীবী মজিবুর রহমান জামিন চেয়ে আবেদন করেন। অন্যদিকে রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করে। উভয়পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এরপর পরীমনিকে গাজীপুরের কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারে নিয়ে যাওয়া হয়।
গত ৫ আগস্ট পরীমনি ও তার সহযোগীকে আদালতে হাজির করা হয়। এরপর বনানী থানার মামলায় তাদের প্রথম দফায় চারদিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত। এ রিমান্ড শেষে ১০ আগস্ট পরীমনি ও তার সহযোগী দিপুর দ্বিতীয় দফায় দু’দিন করে রিমান্ড মঞ্জুর করেন আদালত।
গত ৪ আগস্ট রাতে প্রায় চার ঘণ্টার অভিযান শেষে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগী দীপুকে আটক করে র্যাব। এ সময় পরীমণির বাসা থেকে বিভিন্ন মাদক জব্দ করা হয়। ৫ আগস্ট র্যাব-১ বাদী হয়ে মাদকদ্রব্য আইনে পরীমণি ও তার সহযোগীর বিরুদ্ধে বনানী থানায় মামলা করে।
