বরিশালে সংঘর্ষের ঘটনায় কাউন্সিলর মান্না গ্রেফতার

নজর২৪, ঢাকা- সম্প্রতি বরিশাল সদরের ইউএনও’র বাসভবনে হামলা ও সহিংসতার ঘটনায় ব‌রিশাল সি‌টি কর‌পো‌রেশ‌নের ২১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্নাকে গ্রেফতার করেছে র‌্যাব। গতকাল শুক্রবার (২০ আগস্ট) রাতে তাকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেফতার করা হয়।

 

শনিবার (২১ আগস্ট) বিকালে র‌্যাবের আইন ও গণমাধ্যম শাখার পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন এ তথ্য নিশ্চিত করেন।

 

মান্না‌ ব‌রিশাল মহানগর আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সদর উপজেলা ইউএনওর বাসভবনে হামলা ও সংঘর্ষের ঘটনায় করা পুলিশের মামলার ২ নম্বর আসামি।

 

তিনি বলেন, সাম্প্রতিক সময়ে বরিশাল সদর এলাকায় হামলা ও সহিংসতার ঘটনায় দুটি মামলা দায়ের হয়। এই দুই মামলার এজাহারনামীয় আসামি ছিলেন শেখ সাঈদ আহমেদ মান্না। তাকে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।

 

এর আগে রাজধানীর মোহাম্মদপুরের শিয়া মস‌জিদ এলাকায় বো‌নের বাসা থে‌কে প্রশাস‌নের লোক প‌রিচ‌য়ে সাদা পোশাকধারীরা তাকে নিয়ে যায় বলে দাবি করে তার পরিবারের সদস্যরা।

 

বিষয়টি নি‌শ্চিত ক‌রে‌ছিলেন কাউ‌ন্সিলর মান্নার বড়‌বোন কানিজ ফা‌তেমা। তি‌নি জানান, শুক্রবার রাত ১০টার দি‌কে তার বাসায় একদল সাদা পোশাকধারী লোক এ‌সে মান্না‌কে নি‌য়ে যায়। তখন তা‌দের প‌রিচয় জান‌তে চাই‌লে তারা প্রশাস‌নের লোক ব‌লে জানায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *