নজর২৪, ঢাকা- মাদক মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত চিত্রনায়িকা পরীমণিকে কারাগারে আটক রাখার আবেদন করেছেন তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ পরিদর্শক কাজী গোলাম মোস্তফা।
শনিবার (২১ আগস্ট) বেলা ১১টা ৫০ মিনিটে তাকে সিআইডি কার্যালয়ে থেকে রিমান্ড শেষে আদালতের হাজত খানায় আনা হয়।
আটক রাখার আবেদনে পরিদর্শক কাজী গোলাম মোস্তফা বলেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে করা মামলায় তৃতীয় দফা রিমান্ডে পরীমণি ‘গুরুত্বপূর্ণ’ তথ্য দিয়েছেন। তাই এ আসামিকে কারাগারে আটক রাখা প্রয়োজন। জামিনে মুক্তি পেলে পালাতে পারেন।
এর আগে বৃহস্পতিবার (১৯ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুল ইসলামের আদালত পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন।
গত ১৬ আগস্ট বনানী থানায় মাদক দ্রব্য আইনের দায়ের করা মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশের পরিদর্শক কাজী গোলাম মোস্তফা পরীমণির তৃতীয় দফায় আবারও পাঁচদিনের রিমান্ডের আবেদন করেন। এরপর বৃহস্পতিবার (১৯ আগস্ট) পরীমণির উপস্থিতিতে এ রিমান্ড শুনানি শুরু হয়।
এদিন আসামিপক্ষের আইনজীবী মজিবুর রহমান ও নীলাঞ্জনা রিফাত সুরভীসহ আরও অনেকে রিমান্ড বাতিল চেয়ে জামিনের জন্য আবেদন করেন। অপরদিকে রাষ্ট্রপক্ষ তার বিরোধিতা করেন। উভয়পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করে পরীমণির একদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
প্রসঙ্গত, গত ৪ আগস্ট রাতে প্রায় ৪ ঘণ্টার অভিযান চালিয়ে বনানীর বাসা থেকে পরীমণি ও তার সহযোগীকে আটক করে র্যাব। এসময় তার বাসা থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্য জব্দ করা হয় বলে জানানো হয়। আটকের পর তাদের নেওয়া হয় র্যাব সদর দফতরে। পরে র্যাব-১ বাদী হয়ে মাদক আইনে পরীমণির বিরুদ্ধে মামলা করে।
