করোনা ঠেকাতে আগামীকাল থেকে বিচ্ছিন্ন ঢাকা

নজর২৪, ঢাকা- করোনাভাইরাসের সংক্রমণ বেড়ে যাওয়ায় ঢাকাকে সারা দেশ থেকে কার্যত বিচ্ছিন্ন করে ফেলা হচ্ছে। রাজধানীর পার্শ্ববর্তী জেলা নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, মানিকগঞ্জে আগামীকাল মঙ্গলবার থেকে শুরু হচ্ছে শাটডাউন।

 

পাশাপাশি মাদারীপুর, গোপালগঞ্জ, রাজবাড়ীতেও শাটডাউন আরোপ করা হচ্ছে। এ অবস্থা চলবে ৩০ জুন পর্যন্ত।

 

সচিবালয়ে সোমবার (২১ জুন) দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগের জরুরি বৈঠকে এ সিদ্ধান্ত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

 

তিনি বলেন, এই ৭ জেলাতে সব ধরনের যান চলাচল বন্ধ থাকবে। শুধু পণ্যবাহী ট্রাক ও জরুরি সেবায় নিয়োজিত যানবাহনে বিধিনিষেধ থাকবে না।

 

বিধিনিষেধের সময় এই সাত জেলায় কী কী বন্ধ থাকবে-সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘সবকিছু বন্ধ থাকবে। মানুষও যাতায়াত করতে পারবে না। মালবাহী ট্রাক এবং অ্যাম্বুলেন্স ছাড়া কিছু চলবে না।’

 

সাত জেলায় সরকারি-বেসরকারি অফিস বন্ধ থাকবে কি-না জানতে চাইলে তিনি বলেন, ‘বলেই তো দিয়েছি সব বন্ধ, শুধু কয়েকটা সার্ভিস ছাড়া। জেলাগুলো ব্লকড থাকবে, কেউ ঢুকতে পারবে না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *