ক্ষমতা ছাড়ার আগে মিছিল নিয়ে ‘কঠিন সিদ্ধান্ত’ নিলেন নেতানিয়াহু, হামাস ক্ষুব্ধ

আন্তর্জাতিক ডেস্ক- ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর বিদায়ী সরকার পূর্ব জেরুজালেমের পুরনো নগরীতে কট্টরপন্থী ইহুদিদের মিছিল করার অনুমতি দিয়েছে। সংঘর্ষের আশঙ্কায় আয়োজকরা মিছিলটি বাতিল করার পরের দিনই এই অনুমতি দিল সরকার।

 

ইসরায়েলের কয়েকটি কট্টরপন্থী ইহুদি সংগঠন পুরনো নগরীর দামেস্ক গেট থেকে মুসলিম পাড়ার ভেতর দিয়ে ‘পতাকার পদযাত্রা’ নামে এক মিছিলের আয়োজন করেছে। বৃহস্পতিবার এই মিছিল অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

 

ইসরায়েলি পুলিশ অনুমতি না দেয়ায় আয়োজকরা মিছিলটি বাতিল করে। কিন্তু মঙ্গলবার নেতানিয়াহুর মন্ত্রীসভার সঙ্গে এক বৈঠকের পর মন্ত্রীরা আগামী সপ্তাহে এই মিছিল করার অনুমতি দিয়েছেন।

 

বিবিসি বাংলা এক প্রতিবেদনে জানায়, এই মিছিল হওয়ার কথা ছিল আগামীকাল বৃহস্পতিবার। কিন্তু শহরের মুসলিম এলাকা দিয়ে এই মিছিল নেয়ার নিরাপত্তা উদ্বেগ বিবেচনায় নিয়ে ইসরাইলি পুলিশ মিছিলের প্রস্তাবিত রুট প্রত্যাখ্যান করায় উদ্যোক্তারা মিছিলের আয়োজন বাতিল করে দেয়।

 

এদিকে ফিলিস্তিনিরা এই মিছিলকে উস্কানিমূলক বলে মনে করছে। ফিলিস্তিনি গোষ্ঠী হামাস হুঁশিয়ারি দিয়েছে যে এই মিছিলের অনুমতি দেয়া হলে গাজায় আবার নতুন দফা সঙ্ঘাত শুরু হতে পারে।

 

গত মাসে ইসরাইল ও হামাসের মধ্যে ১১ দিনের রক্তক্ষয়ী লড়াইয়ে গাজায় প্রাণ যায় অন্তত ২৫৬ জন মুসলিমের। এর মধ্যে শিশু ও নারীসহ বেসামরিক লোকজন রয়েছে। বিপরীতে ইসরাইলে মারা যায় ১৩ জন।

 

ইসরাইলি ও ফিলিস্তিনিদের মধ্যে কয়েক সপ্তাহ ধরে চলা উত্তেজনার পটভূমিতে পূর্ব জেরুসালেমে পুরনো শহরের যে স্থানটি মুসলিম ও ইহুদি দুই সম্প্রদায়ের মানুষের জন্য পবিত্র আল কুদুস বা বায়তুল আকসা মসজিদ। সেখানে এই উত্তেজনা সহিংসতায় রূপ নেয় ১০ মে। ওই দিনই ওই মিছিল যাওয়ার কথা ছিল পুরোন শহরের মুসলিম পাড়া দিয়ে। শেষ মুহূর্তে ইসরাইলি কর্তৃপক্ষ মিছিলের পথ ঘুরিয়ে দেয় ও তা শেষ পর্যন্ত বাতিল করা হয়।

 

হামাস পবিত্র স্থান থেকে ইসরাইলকে সরে যাওয়ার হুঁশিয়ারি দেয়। পরে ইসরাইলকে লক্ষ্য করে রকেট নিক্ষেপ ও ইসরাইল থেকে গাজাকে লক্ষ্য করে বিমান হামলা চালানো হয়।

 

গত মঙ্গলবার ইসরাইল মন্ত্রিসভার বৈঠকের পর প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু বলেন, ১৫ জুন এই পতাকা মিছিল করার অনুমতি দেয়া হচ্ছে। তবে এই মিছিল কিভাবে হবে তা মিছিলের উদ্যোক্তারা পুলিশের সাথে কথা বলে ঠিক করবেন।

 

ইসরাইলি সংসদ নেসেট রোববার দেশটির নতুন সরকার নির্বাচনে ভোট দেবে। নতুন জোট সংসদের অনুমোদন পেলে ১২ বছর ক্ষমতায় থাকার পর নেতানিয়াহুকে ক্ষমতা থেকে সরে যেতে হবে। নেতানিয়াহু ইসরাইলে সবচেয়ে দীর্ঘ দিন ক্ষমতায় থাকা প্রধানমন্ত্রী।

 

ইসরাইলে রোববার যদি দক্ষিণপন্থী জাতীয়তাবাদী নাফতালি বেনেট ও মধ্যপন্থী ইয়াইর লাপিডের নেতৃত্বাধীন জোট যদি নতুন সরকার গঠন করার অনুমোদন পায়, তাহলে এই পতাকা মিছিল হবে কিনা এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত তারাই নেবে। গত দু’বছর এই মিছিল হয়নি।

 

বার্ষিক জেরুসালেম দিবসের পতাকা মিছিল সাধারণত অনুষ্ঠিত হয় ১০ মে। ১৯৬৭ সালে মধ্যপ্রাচ্য যুদ্ধে ইসরাইলের পূর্ব জেরুসালেম দখলের বার্ষিকী উদযাপন উপলক্ষে এই দিবসটি পালিত হয়।

 

পূর্ব জেরুসালেম পুরনো শহরের অংশ। স্থানটি মুসলিম ও ইহুদি দুই ধর্মের মানুষের কাছেই পবিত্র। ওইখানেই রয়েছে মুসলিমদের প্রথম কেবলা পবিত্র হারাম আল-শরিফ তথা বায়তুল আকসা মসজিদ। অপর দিকে ইহুদিদের কাছে টেম্পল মাউন্ট হিসেবে পরিচিত পবিত্র স্থান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *