জন্মদিনে কোয়েলের প্রশংসায় পঞ্চমুখ বাবা রঞ্জিত মল্লিক

আজ ২৮ এপ্রিল টলিউডের জনপ্রিয় অভিনেত্রী কোয়েল মল্লিকের জন্মদিন। প্রথম প্রহর থেকেই অনুরাগী ও সহকর্মীদের শুভেচ্ছা সিক্ত হচ্ছেন তিনি। এবার তার প্রশংসায় পঞ্চমুখ হলেন পিতা রঞ্জিত মল্লিক।

পশ্চিমবঙ্গের বিখ্যাত অভিনেতা রঞ্জিত নিজের মেয়েকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমকে বলেন, “কোয়েলের যে ‘গুড গার্ল’ পরিচিতি, তা আদতে সত্যি। কোয়েল সত্যিই খুব ভালো মেয়ে। ছোট থেকেই ও খুব বাধ্য। বন্ধুবান্ধব, কাছের মানুষদের প্রতি খুবই সহানুভূতিশীল। সকলের জন্য ও ভাবে। তাদের কথা শোনে মন দিয়ে। তাই জন্যই বেশি ভাল লাগে।”

জন্মদিনে ভক্তদের উপহারে ভরে যায় নায়িকার বাড়ি। বাবা রঞ্জিত বলেন, ‘আমাদের আশীর্বাদই কোয়েলের কাছে সবচেয়ে বড় উপহার। তবে কোনও জন্মদিনে শাড়ি বা কখনও গয়না, সে সব উপহার তো দেওয়া হয়েই থাকে।’

মেয়ের জন্মিদন নিয়ে অভিনেতা আরও বলেন, ‘কোয়েলের ছোটবেলায় তো ভবানীপুরের বাড়িতে বড় করে জন্মদিন উদ্‌যাপন করা হতো। সবাই আসত। জমিয়ে খাওয়াদাওয়া হত। সময়ের সঙ্গে সঙ্গে জন্মদিনটা এখন অনেকটা ছোট হয়ে গিয়েছে। তবে কোয়েলের ভক্তদের উদ্দীপনা দেখে আমাদের বেশ ভালো লাগে।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *