সিনেমা হলে আসছে সালমান-শাবনূরের সিনেমা

সময়ের থেকে এগিয়ে থাকা এক নায়ক ছিলেন সালমান শাহ। নব্বই দশকের চলচ্চিত্রে তাকে ঘিরে যে উন্মাদনা তৈরি হয়েছিল তা শেষ হয় তার অপমৃত্যুর মধ্য দিয়ে। অল্পদিনের ক্যারিয়ারে সালমান অধিকাংশ সিনেমায় জুটি বেঁধেছেন শাবনূরের সঙ্গে। এ দেশের চলচ্চিত্র ইতিহাসে রাজ্জাক-কবরী জুটির পরই রাখা হয় তাদের।

নতুন খবর হলো, ফের সিনেমা হলে আসছে সালমান-শাবনূরের ছবি। খবরটি জানিয়েছেন এ ছবির চিত্রনাট্যকার আবদুল্লাহ জহির বাবু।

বরিশালের অভিরুচি সিনেমা হলে মুক্তি পেতে যাচ্ছে সালমান-শাবনূরের ‘তুমি আমার’ সিনেমাটি। এ ছবির মাধ্যমেই প্রথমবার পর্দা ভাগ করেছিলেন তারা।

ছবিটি মুক্তি প্রসঙ্গে আব্দুল্লাহ জহির বাবু নিজের ফেসবুকে লিখেছেন, “অত্যন্ত আনন্দের সঙ্গে জানাচ্ছি—আমার বাবা, মরহুম জহিরুল হক পরিচালিত এবং আমার লেখা কাহিনি ও সংলাপে প্রথম ছায়াছবি ‘তুমি আমার’ আগামী ১০ই ফেব্রুয়ারি, ২০২৩ এ বরিশাল অভিরুচি সিনেমা হলে পুনরায় মুক্তি পেতে যাচ্ছে।”

এ সময় তিনি লেখেন, “সর্বপ্রথম ১৯৯৪ সালের কোরবানির ঈদে মুক্তি পেয়েছিল ‘তুমি আমার’। আমার বাবার ইন্তেকালের পর মরহুম তমিজ উদ্দীন রিজভী আংকেলের অবশিষ্ট পরিচালনার কাজ শেষ করার পর আদৃতা কথাচিত্রের ব্যানারে মুক্তি পায় সালমান শাহ ও শাবনূর অভিনীত প্রথম ছায়াছবি ‘তুমি আমার’। আমার জীবনের সম্ভবত সবচেয়ে স্মৃতি বিজড়িত এবং উল্লেখযোগ্য ছায়াছবি ‘তুমি আমার’। ব্যাপারটা আমাকে জানাবার জন্য দেবাশীষ বিশ্বাস দাদাকে এবং মুক্তি দেওয়ার জন্য জাহাঙ্গীর ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।”

সালমান শাহর মৃত্যুর আড়াই দশক কেটে গেছে। এতদিন পর প্রয়াত এ নায়কের ছবি হলে আসার খবর শুনে বেশ উচ্ছ্বসিত আব্দুল্লাহ জহির বাবু।

তিনি বলেন, “খবরটি পেয়ে আমি খুব খুশি। ইতিহাস সৃষ্টি করা সিনেমাটি আবার সিনেমা হলে দেখতে পাওয়া যাবে খবরটি অনেক আনন্দের। সিনেমাটি প্রথমে সপ্তাহে মুক্তি পায় ৪০ টির মতো সিনেমা হলে। সিনেমাটি তখন প্রথমে বড় সিনেমা হলগুলো নিতে চাচ্ছিল না। এরপরে বাকিটা ইতিহাস। এটি দুই কোটি টাকার ওপরে আয় করে। আবার মুক্তি দেওয়ার জন্য বুকিং এজেন্ট জাহাঙ্গীর ভাইকে অনেক ধন্যবাদ।”

‘তুমি আমার’ সিনেমায় সালমান-শাবনূর ছাড়াও অভিনয় করেছিলেন, কে এস ফিরোজ, প্রবীর মিত্র ও সৈয়দ হাসান ইমাম প্রমুখ। সালমানের ক্যারিয়ারের দ্বিতীয় চলচ্চিত্র ছিল এটি। মুক্তি পেয়েছিল ১৯৯৪ সালে। ছবিটির প্রযোজনা ও পরিবেশনায় ছিল আদৃতা কথাচিত্র।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *