যুবকদের সঙ্গে প্রেমের তথ্য ভুল, আমি পুরোপুরি সিঙ্গেল: শ্রীলেখা

টলিউডের জনপ্রিয় অভিনেত্রী তিনি। বলতে গেলে, ইন্ডাস্ট্রির স্পষ্টবাদী নায়িকা তিনি। কারোর কোনও মন্তব্যে যায় আসে না তাঁর। সিঙ্গেল মাদার, কিন্তু নট হ্যাপি টু মিঙ্গেল। রবিবার সন্ধ্যায় ঢাকায় এসেছেন শ্রীলেখা মিত্র। ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের ২১তম আসরে অংশ নিতে এপার বাংলায় হাজির হয়েছেন অভিনেত্রী।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেছেন, মেয়েকে নিয়ে সিঙ্গেল জীবনে বেশ ভালো আছেন। তাঁর কথায়, শ্রীলেখা ৩০ বছরের ছেলেদের সঙ্গে প্রেম করে, এগুলো পুরোপুরি ভুল কথা। আমি পুরোপুরি সিঙ্গেল। বেশ ভালো আছি। অনেক বয়স হয়েছে। আমার মেয়ের এখন বয়ফ্রেন্ড হওয়ার কথা। এসব আমি (প্রেম) করি না, বিশ্বাস করেন।

এসময় শ্রীলেখা আরও বলেন, জীবে আমার প্রেম। স্বামী বিবেকানন্দ বলেছেন, জীবে প্রেম করে যেই জন, সেই জন সেবিছে ঈশ্বর। যার জন্য ধর্ম নিয়ে রাজনীতি, যেটা আমাদের দেশেও আছে, তার বিরুদ্ধে কথা বলি। একটা মুভমেন্টও শুরু করেছি, হ্যাশট্যাগ মাই রিলিজিয়ন অব লাভ। সুতরাং আমার ধর্মই তো প্রেম।

বাংলাদেশের ছবিতে অভিনয় করছেন কবে, জানতে চাইলে বলেন, পরিচালকের নাম ও ছবির নাম বলতে পারছি না এ মুহূর্তে। তবে ফেরদৌস থাকবেন সম্ভবত। ফেব্রুয়ারিতে এ ছবির শুটিং হবে। আর একটা বিষয় বলে রাখি যা ফেরদৌস কখনো বলে না। বাসু চ্যাটার্জির ‘হঠাৎ বৃষ্টি’র নায়ক ফেরদৌস নামটি কিন্তু আমার দেওয়া। বাসু চ্যাটার্জিকে কিন্তু ফেরদৌস নামটা আমি রিকমান্ড করেছিলাম। তা ফেরদৌস কিন্তু আজ পর্যন্ত কোনো ইন্টারভিউতে বলেনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *