সিংহ প্রতীক নিয়ে নির্বাচন করতে চান হিরো আলম

বিএনপির সংসদ সদস্যদের পদত্যাগে শূন্য ঘোষিত বগুড়া-৪ (কাহালু-নন্দীগ্রাম) ও বগুড়া-৬ (সদর) আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছেন আলোচিত আশরাফুল হোসেন ওরফে হিরো আলম।

বৃহস্পতিবার (০৫ জানুয়ারি) বিকেল চারটায় বগুড়া জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মো. সাইফুল ইসলামের কাছে তিনি দুই আসনের মনোনয়নপত্র দাখিল করেন।

মনোনয়নপত্র দাখিলের সময় সিংহ প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার আগ্রহের কথা জানান হিরো আলম।

এর আগে ২০১৮ সালেও হিরো আলম বগুড়া-৪ সংসদীয় আসন থেকে নির্বাচন করে জামানত হারিয়েছিলেন। সম্প্রতি বিএনপির সংসদ সদস্য পদত্যাগের পর নতুন করে বগুড়ার দুটি আসনে উপ-নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

‘ভোটারদের চাওয়ার মুখে’ এবার দুটি আসন থেকেই নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছেন হিরো আলম।

বিকালে তিনি হন্তদন্ত হয়ে জেলা প্রশাসক কার্যালয়ে প্রবেশ করেন। এ সময় গণমাধ্যমকর্মীরা তাকে ঘিরে ধরেন। তিনি মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য জেলা প্রশাসকের হলরুমে চলে যান।

এ সময় সেখানে আরেক স্বতন্ত্র প্রার্থী কবির আহাম্মেদ মিঠুকে দেখে বগুড়ার আঞ্চলিক ভাষায় হিরো আলম কাছে ডেকে বলেন, “মিঠু ভাই আসেন, পর পর ভাবিচ্ছেন ক্যা।“

হিরো আলমের এই কথা শুনে এ সময় হলরুমের সবাই হেসে উঠেন।

তখন হিরো আলম আবার বলেন, “ক্যা বারে আমাক লিয়া মজা করিচ্ছেন।”

জেলা নির্বাচন অফিস সূত্র জানায়, ঘোষিত তফসীল অনুযায়ী আগামী ৮ জানুয়ারি যাচাই বাছাই এবং ১৫ জানুয়ারি প্রত্যাহারের শেষ দিন। আগামী ১ ফেব্রুয়ারি এই দুটি আসনে ইলেকট্রনিক ভোটিং মেশিনে (ইভিএম) ভোটগ্রহণ করা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *